আমাদের প্রকৃত মানুষ হতে হবে, লোভ লালসার উর্ধে উঠে মানুষের কল্যাণে কাজ করতে হবে-গয়েশ্বর চন্দ্র রায় এমপি
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে কোন্ডা ইউনিয়নে “নাগরিক সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৩ আসনের সংসদ সদস্য প্রবীন রাজনীতিবিদ গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার বিকেলে কোন্ডা ইউনিয়নের পারজোয়ার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে তিনি আরো বলেন সংসদে আমরা জনগনের কল্যাণে কথা বলি, এলাকার সার্বিক উন্নয়ন, সমাজের সমস্যা এলাকার বিভিন্ন প্রয়োজনীয়তা তুলে ধরে সেগুলো সমাধানের চেষ্টা করি। আমাদের পাশাপাশি জনগন হিসাবে আপনাদেরও দায়বদ্ধতা আছে।
মাদক প্রসঙ্গে তিনি বলেন বেশিরভাগ মাদকাসক্তের কারণ তার নিজের পরিবার, পারিবারিক ভালোবাসার অভাবে ছেলেমেয়েরা মাদকাসক্তের দিকে চলে যায়। তাদের ঠিকমত দেখাশোনা পরিবারগুলো করেনা। অধিকাংশ মানুষ অর্থের পিছনে দৌড়াতে থাকে। সন্তানদের দেখভাল করেনা। এসব পরিবারের সন্তানরা অনাদর অবহেলায় ভালোবাসার অভাবে নিজের অজান্তে মাদকে জড়িয়ে পড়ে। সকলকে এ মাদকের ভয়াবহতা বুঝতে হবে। সচেতন হতে হবে। বর্তমান সময়ে নারীদের মাদকাসক্ত হবার প্রবণতা ব্যাপকভাবে লক্ষ করা যাচ্ছে। তিনি বলেন আধুনিকতার নামে মেয়রা নিজেদের শরীরকে স্লীম রাখার জন্য মাদক গ্রহণ করে। ফলে তারা স্লীম থাকছে ঠিক কিন্তু চূড়ান্ত ভাবে তারা এখান থেকে বেরোতে পারেনা এবং মৃত্যুই তাদের শেষ ঠিকানায় পরিনত হয়। তাই প্রত্যক পরিবারকে এ বিষয়গুলিতে নজর দিতে হবে। এলাকার সংসদ সদস্য হিসাবে আপনাদের অধিকার বাস্তবায়ন করাই আমার প্রধান দায়িত্ব উল্লেখ করে তিনি আরো বলেন এ বয়সে আমার বিলাসিতার জন্য অর্থের প্রয়োজন নেই, আপনাদের জন্য যা কিছু বরাদ্দ তা আপনাদেরকেই দেয়া হবে। এ বিশ্বাস রাখতে পারেন। ভবিষ্যতে কেরানীগঞ্জকে আধুনিক বাসযোগ্য শহরে পরিনত করার পরিকল্পনার কথা তুলে ধরেন। সকলকে মাদক, সন্ত্রাস সহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানান তিনি। ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাধারণ সম্পাদক মোজাদ্দেদ বাবু। কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন নুরু,সাধারণ সম্পাদক হাজী আফজাল হোসেন সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাড. শাহীন রহমান।