সুইডেনকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শেষ ষোল নিশ্চিত করেছে ফ্রান্স। আর এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
জোড়া গোল করে দলকে জিতিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরও একটু উপরের দিকে উঠে এলেন ফরাসি ফরোয়ার্ড। তবে লিওনেল মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ থাকলেও ব্যক্তিগত অর্জন বা পরিসংখ্যান নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না তিনি।এমবাপ্পের একমাত্র লক্ষ্য এখন একটাই নিজের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতা।নিজের লক্ষ্য পরিষ্কার করে ফ্রান্সের ১০ নম্বর জার্সিধারী এই তারকা বলেন, ‘আমাদের লক্ষ্য হলো টুর্নামেন্টে যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। আগামী ১৯ জুলাই এখানে ফিরে এসে শিরোপা জেতার চেষ্টা করা। আপনি যত বেশি গোল করবেন, তালিকায় তত উপরে উঠবেন এটাই স্বাভাবিক।তবে আমি নিশ্চিত লিও (মেসি) সামনে আরও গোল করবে। আমার মনোযোগ রেকর্ড নিয়ে নয়। আমি কেবল প্রতিপক্ষ আর ফাইনালে পৌঁছানোর দিকেই ফোকাস করছি।’ সুইডেনের বিপক্ষে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর মেসির সঙ্গে এমবাপ্পের ব্যক্তিগত দ্বৈরথের বিষয়টি আবারও সামনে চলে এসেছে। মেসিও এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন এবং বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে এই দুজনের লড়াই ফুটবল বিশ্ব দেখেছিল। এবারের আসরেও সেই দ্বৈরথ নতুন মাত্রা পেয়েছে, তবে ফরাসি তারকা এই তুলনাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। পরিসংখ্যানের বাইরে গিয়ে এমবাপ্পে কথা বলেছেন ফ্রান্স দলের বর্তমান অবস্থা নিয়ে। তার মতে, কোয়ার্টার ফাইনালে ওঠার মধ্য দিয়ে টুর্নামেন্টের নতুন একটি অধ্যায় শুরু হলো, যেখানে ছোট একটি ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে। তিনি বলেন, ‘আমরা জানতাম নকআউট পর্ব থেকে নতুন একটা প্রতিযোগিতা শুরু হচ্ছে। এভাবে শুরু করতে পারাটা খুব ইতিবাচক। আমরা পরের ধাপে যেতে পেরে আনন্দিত।’ এদিন কোচ দিদিয়ের দেশমের প্রতি দলের অটুট সমর্থনের কথাও মনে করিয়ে দিয়েছেন এমবাপ্পে। মায়ের মৃত্যুর শোক বুকে নিয়েই ডাগআউটে দাঁড়িয়েছেন ফরাসি কোচ। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কয়েকদিনের জন্য দলের ক্যাম্প ছেড়েছিলেন তিনি, পরে সুইডেন ম্যাচের আগেই ফিরে আসেন।কোচের এই কঠিন সময়ে পুরো দল তার পাশে আছে জানিয়ে এমবাপ্পে বলেন, ‘বিশ্বকাপ এবং ফুটবলের চেয়েও জীবনে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পুরো দল কোচের পাশে আছে। একতাবদ্ধ থাকাটা এই দলের ডিএনএ-তে মিশে আছে। আমরা তাকে বোঝাতে চেয়েছি যে তিনি একা নন। সামনে যাই ঘটুক না কেন, আমরা সবাই আমাদের কোচের সঙ্গে আছি।’