জানা নিউজ

দেশের স্থিতিশীলতায় ধাপে ধাপে ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান

দেশের পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল হওয়ায় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ২০২৪ সালের ক্রান্তিকালে দেশের প্রয়োজনেই সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছিল। সেই সময়ের দায়িত্বকে তিনি জাতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষায়, পরিস্থিতি এখন স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছেন।

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনা মোতায়েন প্রসঙ্গেও কথা বলেন সেনাপ্রধান। তিনি জানান, এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করছেন এবং সরকারের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব যুদ্ধ প্রস্তুতি ও প্রশিক্ষণ। দীর্ঘ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যদের দক্ষতা অটুট রয়েছে, যা ফায়ারিং প্রতিযোগিতায় প্রমাণিত হয়েছে।

ফায়ারিং প্রতিযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করে সেনাপ্রধান বলেন, দীর্ঘ ১৮ মাস মাঠে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যদের পারফরম্যান্স ছিল অত্যন্ত প্রশংসনীয়। তাঁর ভাষায়, “এই দক্ষতা ও পেশাদারিত্ব সত্যিই অভূতপূর্ব।”

গত ১৬ মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়। এতে ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। এ সময় সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।