প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আজ সোমবার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন, “আমরাও দলগুলোর সহযোগিতা চাই। প্রয়োজনে আপনারা নিজেরা নিজেরা বসুন। একটা ফয়সালায় আসুন। আমরা রক্তপাত দেখতে চাই না। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন চাই।”
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “শুধু একটি নির্বাচন নয়, সব ধরনের নির্বাচনই ভালো করতে হবে। ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। এক নির্বাচন ভালো হলো, এর মানে এই নয় যে বাংলাদেশের নির্বাচন সবসময় ভালো হবে। আমরা ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই। এজন্য দলগুলোকে নিজেদের মধ্যে বসতে হবে। আমরা চাই, সত্যিকার অর্থে শতভাগ ভালো একটি স্থানীয় নির্বাচন।”
স্থানীয় নির্বাচনে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অতীতে দেখা গেছে নির্বাচন ঘিরে অনেক মার্ডার হয়। একই পরিবারে প্রতিদ্বন্দ্বিতা হয়, খুব স্বল্প ব্যবধানের প্রতিদ্বন্দ্বিতা হয়।সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে আসছে। প্রয়োজনীয় আইন-বিধি সংস্কার করা হচ্ছে। এরই মধ্যে দুটি রাজনৈতিক দলের নেতা উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া যে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব হয় না।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্শা নিয়ে মারামারির প্রসঙ্গ টেনে সিইসি বলেন, সেখানে টেঁটা নিয়ে দুই পাড়ায় মারামারি হয়। এখন দুই পাড়ায় যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে তাহলে কী হবে, কারবালা হয়ে যাবে। এ ধরনের সিচুয়েশনে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে বোঝাপড়া করা উচিত। স্থানীয় নির্বাচনে কোনো ধরনের ঝামেলায় যাবো না।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে পার্টি সিম্বল (দলীয় প্রতীক) ব্যবহার না হলেও গণমাধ্যমে দেখছি বিভিন্ন দল থেকে অলরেডি মনোনয়ননের ঘোষণা দেওয়া হচ্ছে। এটা আমার জন্য চিন্তার, আমার কপালে ভাঁজ পড়েছে। যদি ইন্ডিপেডেন্ট হয়ে যেতো পার্টির মালিকানা থাকতো না, ওনারশিপ থাকতো না, দলে দলে গোলমাল হতো না। এজন্য মনে করি, দলগুলোর উচিত হবে নিজেরা বসে ফয়সালা করা; আমাদের সহায়তা থাকবে।এ বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে সরকারের মন্ত্রী, উপদেষ্টারা আভাস দিচ্ছেন।
‘স্থানীয় নির্বাচন কবে হবে এখনো ফাইনাল হয়নি। নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, আমাদের কিছু বিধিবিধান সংস্কার করতে হবে। এ নিয়ে কাজ শেষ করে আমরা সরকারের সঙ্গে বসবো। এর জন্য সময় লাগবে’-উল্লেখ করেন নাসির উদ্দিন।