জানা নিউজ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির বৈঠক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একটি ছোট প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান পৌঁছেই সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন।

ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে শনিবার (২৫ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

ইসলামাবাদে অবতরণের পর আরাগচি ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে সেরেনা হোটেলে যান। সেখানে তিনি ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আরাগচি ও তার নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদের আগমণ উপলক্ষে নিশ্ছিদ্র করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা।

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দ্বন্দ্বের জেরে ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বেঁধে যাওয়ার ৪০ দিন পর, গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান।