ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে জাতীয় সমাবেশ শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় সারাদেশের জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধাদের নিয়ে এই জাতীয় সমাবেশ শুরু হয়েছে।
সমাবেশ পরিচালনা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। সমাবেশে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা।
এর আগে, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার করার জন্য এদেশের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহিদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন ও পঙ্গুত্ববরণ করেছেন।
একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের পর দেশবাসী তাদের প্রত্যাশা অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’-তে প্রায় ৭০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। কিন্তু একই দিনে সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও গণভোটের রায় বাস্তবায়ন না করে টালবাহানা শুরু করেছে, যা জুলাইযোদ্ধাদের প্রতি অসম্মান, অবহেলা এবং শহিদের রক্ত ও গোটা জাতির সঙ্গে বেইমানি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গণপ্রত্যাশার বিপরীতে গিয়ে ফ্যাসিবাদী কায়দায় অতীতে কোনো সরকার টিকে থাকতে পারেনি, করুণ পরিণতি বরণ করতে হয়েছে। আমি বর্তমান সরকারকে অতীত থেকে শিক্ষা নিয়ে জনপ্রত্যাশার আলোকে জুলাই শহিদদের রক্ত এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের ত্যাগকে সম্মান জানিয়ে অতিদ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।