জানা নিউজ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর মৃত্যু সরাসরি হামের কারণে নিশ্চিত হয়েছে, বাকি ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে শতাধিক শিশুর শরীরে হাম শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। এই সময়ের মধ্যে ৮১১ শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে দেশে হাম পরিস্থিতির অবনতি হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২ জনে।

একই সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৫ জন। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২০ হাজার ৩৫২ জনে। এসব রোগীর মধ্যে ১৩ হাজার ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১০ হাজার ৪৯৬ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, “হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে, যা পরিস্থিতির গুরুত্ব বোঝাচ্ছে।” সংস্থাটি আরও জানায়, আক্রান্তদের চিকিৎসা ও সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, হামের বিস্তার বাড়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ কয়েকগুণ বেড়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ বেশি হওয়ায় অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।