জানা নিউজ

পাকিস্তানের সব উদ্যোগ ব্যর্থ

দীর্ঘ ২১ ঘণ্টা ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। পাকিস্তান সরকারের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, দুই দিনের ছুটি ঘোষণা এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের মধ্যেও এই আলোচনায় কোনো ইতিবাচক ফলাফল আসেনি।

এ বিষয়ে আজ বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আলোচনার সময় যুক্তরাষ্ট্র তার অবস্থান ও ‘রেড লাইন’ স্পষ্টভাবে তুলে ধরে। তবে ইরান মার্কিন শর্ত মানতে অস্বীকৃতি জানায়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘আমরা ২১ ঘণ্টা আলোচনা চালিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।’ তার ভাষায়, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে রাজি হয়নি।

আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রতিনিধি দল ইতোমধ্যে ওয়াশিংটনের উদ্দেশে ইসলামাবাদ ত্যাগ করেছে।

অন্যদিকে ইরান এই আলোচনাকে ‘নিবিড় ও গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করলেও এর ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওয়াশিংটনের উচিত অতিরিক্ত ও অযৌক্তিক দাবি থেকে সরে আসা।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, আলোচনায় হরমুজ প্রণালি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুদ্ধ পরিস্থিতির অবসানসহ বিভিন্ন বিষয় ছিল আলোচ্যসূচিতে। ইরান আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রকে তাদের বৈধ অধিকার ও স্বার্থকে স্বীকৃতি দিতে হবে।