বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে শিল্পী বেগম (৩২) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার বেলা ১১টার মধ্যে কোনো এক সময়ে উপজেলার বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিল্পী বেগম ওই এলাকার মিন্টু মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকেই অভিযুক্ত মিন্টু মিয়া পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই মিন্টু মিয়া ও শিল্পী বেগমের দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। মিন্টু মিয়া কোনো কাজকর্ম করতেন না বলেও জানা গেছে। পারিবারিক কলহের জেরে গত মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি স্ত্রীকে ছুরিকাঘাত করে ঘরের ভেতর ফেলে রেখে পালিয়ে যান। গতকাল বুধবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিল্পী বেগমের শোবার ঘর থেকে তার লাশ উদ্ধার করে। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্ত মিন্টু মিয়াকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।