স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত আজ রোববার সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে শিশুদের হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে বললেন, টিকাদান কর্মসূচী চলবে এবং এতে কোনো ঘাটতি রাখা হবে না।
ডা. এম এ মুহিত বলেন, “আমাদের সরকার অত্যন্ত দ্রুতগতিতে পদক্ষেপ নিয়েছে। যে জায়গাগুলোতে ঘাটতি আছে, আমরা দায়িত্ব নিচ্ছি এবং দায়িত্ব নিয়েছি। ঘাটতিগুলো পূরণ করছি, টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, কর্মসূচি চলবে। কোনো রকম ঘাটতি আমরা রাখবো না। আপনারা আমাদের সহযোগিতা করুন, সচেতন করুন যেন সবাই টিকা নেয়। যত বেশি শিশু এই টিকার আওতায় আসবে আমরা তত বেশি নিরাপদ থাকবো।”
‘আমরাই ইতিমধ্যে দেশের ১৮ টি জেলার ৩০ টি উপজেলায় এই কর্মসূচি শুরু করেছি। আমাদের সরকার একটি বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে এই সিদ্ধান্তগুলো নিচ্ছি। টিকা দান বিষয়ক একটি বিশেষ বিশেষজ্ঞ কমিটি রয়েছে। আমরা প্রতিদিন সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করছি। সেই তথ্যের ভিত্তিতে কোন কোন উপজেলা বেশি আক্রান্ত সেগুলো শনাক্ত করছি। বিশেষজ্ঞ কমিটি আমাদেরকে পরামর্শ দিচ্ছে। আমাদেরকে সহযোগিতা করছে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলো। আমরা তথ্য ও বিজ্ঞানের ভিত্তিতে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছি’-উল্লেখ করেন তিনি।
তিনি আরও যোগ করে বলেন, “আমাদের সরকার ও স্থানীয় প্রতিনিধিরা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমি সরকারের পক্ষ থেকে বলতে চাই আমাদের সরকার এই শিশুদের টিকা দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ও দিবে। একটি শিশুও টিকার বাইরে থাকবে না। আমরা কর্মসূচি শুরু করেছি ইনশাআল্লাহ ভয়ের কোন কারণ নেই। যারা টিকা আজকে দিচ্ছেন তারা বাড়ি গিয়ে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের শিশুদেরকে পাঠিয়ে দিবেন টিকা নেয়ার জন্য।”