জানা নিউজ

আ. লীগ স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বললেন, “মেজর জিয়াউর রহমান যে প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তা কেবল দেশের ইতিহাসে নয়, আন্তর্জাতিক দলিলেও প্রমাণিত। অথচ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাজনৈতিক সংকীর্ণতার কারণে দীর্ঘ সময় ধরে এই সত্য অস্বীকার করে এসেছে। তারা স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃত করে মিথ্যা বয়ান তৈরি করেছিল।”

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, “বিগত সরকার সবকিছুকে কেবল একজনের কৃতিত্ব হিসেবে দেখানোর অপচেষ্টা করেছে। তারা কাউকে সম্মান দিতে রাজি নয়। কিন্তু আমরা সবার অবদানের যথাযথ স্বীকৃতি দিতে চাই, কারো সম্মান কেড়ে নিতে চাই না।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যা দালিলিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।”

‘২৫ মার্চ কালরাত্রিতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী রাজারবাগসহ দেশের বিভিন্ন স্থানে গণহত্যা শুরু করে, ঠিক তখনই চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীনতার ডাক দেন। তার সেই ঘোষণার মাধ্যমেই মূলত মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল’-উল্লেখ করেন তিনি।

বিএনপির ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় সংসদীয় রাজনীতি প্রবর্তনে বিএনপির অবদান অনস্বীকার্য। বিশেষ করে ৯০-এর গণ-অভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রের যে নবযাত্রা শুরু হয়েছিল, তা বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। বিএনপি সবসময়ই ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে এসেছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার রক্ষায় সোচ্চার থাকবে।