জানা নিউজ

ভক্তদের সাথে আনন্দঘন এক ভিডিও শেয়ার করলেন জয়া

অভিনেত্রী জয়া আহসান। রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে তার একটি নিজস্ব জগৎ রয়েছে, যেখানে তিনি ভীষণ সাধারণ আর প্রকৃতির অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও, প্রকৃতির প্রতি নিজের ভালোলাগা লুকাননি। এবার সেই ভালোবাসারই এক ঝলক দেখা গেল তার ছোট বাগানে। বরাবরই তিনি নিজের ব্যক্তিগত বাগান নিয়ে শৌখিন। এবার সেই বাগানের সতেজ সবজি ও ফল তোলার এক আনন্দঘন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, জয়া আহসান তার নিজের বাগানে পরম মমতায় গাছের পরিচর্যা করছেন। কখনও তিনি ধারালো কাঁচি দিয়ে সতেজ শসা কাটছেন, আবার কখনও বড় থোকার কলা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। বাগানে করলা এবং লাল শাকের ফলন দেখেও তাকে বেশ আনন্দিত দেখা যায়। সাধারণ পোশাকে, মাথায় হ্যাট পরে একদমই ‘কৃষক’ লুকে জয়াকে খুঁজে পাওয়া গেল প্রকৃতির খুব কাছে। জয়া আহসান প্রায়ই তার বারান্দা বা ছাদবাগানের ছবি শেয়ার করে ভক্তদের বাগান করায় উৎসাহিত করেন। এই ভিডিওর ক্যাপশনে নিজের ফলানো ফসলের তৃপ্তির কথা তুলে ধরেন। ভক্তরাও তার এমন সাধারণ যাপন এবং সবুজের প্রতি ভালোবাসার প্রশংসা করছেন। অনেকেই বলছেন, ব্যস্ত শিডিউলের মাঝেও জয়া যেভাবে নিজেকে প্রকৃতির সঙ্গে সতেজ রাখেন, তা সত্যিই অনুপ্রেরণার।