জানা নিউজ

যমুনা সেতুতে যানজট, একমুখী করে যান চলাচল নিয়ন্ত্রণ

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় যমুনা সেতুতে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। সেতুর ওপর একের পর এক ১৫টি যানবাহন বিকল হয়ে পড়ায় পূর্ব প্রান্তে প্রায় ২৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দেয়।

পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত সেতুকে একমুখী করা হয়। এ সময় দুই লেন দিয়ে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করানো হয়।

দুপুর দেড়টার দিকে দেখা যায়, সেতুর পশ্চিম টোল প্লাজার ঢাকামুখী লেনে প্রায় দেড় কিলোমিটার যানবাহনের সারি রয়েছে। তবে পূর্ব প্রান্তে যানজট থাকলেও পশ্চিম পাশে তেমন চাপ ছিল না।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, রাত থেকে সকাল পর্যন্ত সেতুর ওপর ১৫টি গাড়ি বিকল হয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দ্রুত ব্যবস্থা নিয়ে যানজট কমাতে একমুখী করে যানবাহন পারাপার করা হয়। বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

যানজটে পড়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রংপুরগামী এক যাত্রী জানান, রাত ১২টায় ঢাকা থেকে রওনা দিয়ে ভোর পর্যন্ত সেতুর পূর্ব প্রান্তেই আটকে ছিলেন, যেখানে স্বাভাবিক সময়ে যাত্রা শেষ হতে তিন ঘণ্টা লাগে।

সেতু বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ১১ হাজার ৯০০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ ছিল বেশি।