জানা নিউজ

হঠাৎ বদলে গেলো সালমানের নতুন সিনেমার নাম

বছরের শুরু থেকেই ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবি ঘিরে খবরের শিরোনামে ছিলেন সালমান খান। সেই ছবির নামই এবার পাল্টে গেল। প্রযোজনা সংস্থা ও সালমান খানেরর পক্ষ থেকে নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে নতুন নাম। নতুন নাম রাখা হয়েছে ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’। তবে হঠাৎ কেন এই নাম পরিবর্তন করা হলো, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। কারণ, ছবির নির্মাতারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। গত বছরের ২৭ ডিসেম্বর নিজের জন্মদিনে এই ছবির টিজার প্রকাশ করেন সালমান খান। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। তবে টিজার প্রকাশের পর থেকেই ছবিটি ঘিরে বিতর্ক শুরু হয়। কারণ, সিনেমাটির প্রেক্ষাপট ২০২০ সালের গালওয়ান ভ্যালি ক্ল্যাশ, যেখানে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সিনেমায় ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের চিত্রায়ন দেখে আপত্তি তোলে চীনের পক্ষ। বেইজিংয়ের অভিযোগ, এই সিনেমার মাধ্যমে বিকৃত তথ্য তুলে ধরে জাতীয়তাবাদ উসকে দেওয়া হচ্ছে এবং চীনা সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে। চীনা সংবাদমাধ্যমেও ছবিটিকে ভারতের জাতীয়তাবাদী প্রচারণার ‘অস্ত্র’ বলে কটাক্ষ করা হয়েছে। ছবিটিতে সালমান খানকে দেখা যাবে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে, যিনি গালওয়ান সংঘাতে ভারতীয় সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন। এই চরিত্রে অভিনয়ের জন্য বেশ প্রস্তুতিও নিয়েছেন অভিনেতা। শুটিংয়ের আগে কঠোর অনুশীলন, প্রেশার চেম্বারে প্রশিক্ষণ এবং খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনেন তিনি। নতুন নাম নিয়ে কবে এবং কীভাবে ছবিটি মুক্তি পাবে, তা জানার অপেক্ষায় রয়েছেন সালমান খানের ভক্তরা।