জানা নিউজ

এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি

কয়েকদিন আগে অভিযোগ উঠেছলো দৈনন্দিন পরিচালন ব্যয় মেটানোর জন্য ব্যাংকে রাখা স্থায়ী আমানত বা এফডিআর থেকে টাকা তুলছে বিসিবি। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেটা অস্বীকার করেছে দেশের ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। বিবৃতিতে বিসিবি জানায়, ‘সম্প্রতি একটি খবর প্রচার করা হচ্ছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের এফডিআর থেকে টাকা তুলছে। বিসিবির নজরে বিষয়টি এসেছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে, এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের খবর বিসিবির বর্তমান আর্থিক অবস্থা বা তাদের প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়।’ বিবৃতিতে বিসিবি আরও জানায়, সব ধরনের খরচ বোর্ডের নিয়মে স্বচ্ছ প্রক্রিয়াতেই হচ্ছে, ‘বিসিবি তাদের যাবতীয় আর্থিক কর্মকাণ্ড ও খরচ বোর্ডের নির্ধারিত নিয়ম ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করে আসছে। বোর্ডের নিয়মিত আয়ের উৎস যেমন-বাণিজ্যিক চুক্তি, বিভিন্ন ইভেন্ট এবং অন্যান্য বৈধ খাত থেকে আসা রাজস্ব দিয়েই সব ব্যয় মেটানো হয়। বিসিবি তার বর্তমান সম্পদ দিয়েই যেকোনো আর্থিক প্রতিশ্রুতি পূরণ করার মতো যথেষ্ট সামর্থ্য রাখে।’