জানা নিউজ

বাংলাদেশের দাপুটে জয়। পাকিস্তান শিবিরে হাহাকার

ঘরের মাঠে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদ রানার গতির ঝড় আর তানজিদ হাসান তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে ১১৪ রানেই গুটিয়ে দিয়ে বাংলাদেশ ২০৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। বাংলাদেশের এমন আধিপত্য দেখে সাবেক পাকিস্তানি অধিনায়ক রমিজ রাজা ও পেসার মোহাম্মদ আমির নিজ দেশের দলের কঠোর সমালোচনা করেছেন। ম্যাচ শেষে নিজের বিশ্লেষণে রমিজ রাজা বলেন, নাহিদ রানার গতির বাউন্সারের সামনে পাকিস্তানের ব্যাটারদের টেকনিক একেবারেই নড়বড়ে ছিল। 

তিনি বলেন, ‘নাহিদ রানা প্রতিটি ওভারেই উইকেট নিচ্ছিলেন। মনে হচ্ছিল পুরো পাকিস্তান শিবিরে যেন হাহাকার পড়ে গেছে। বাংলাদেশের এই উন্নতি পিচের কারণেই হয়েছে। তারা এখন শুধু স্পিনিং পিচ বানায় না, ফাস্ট উইকেটও তৈরি করতে জানে।’ টাইগার ওপেনার তানজিদ হাসান তামিমের অপরাজিত ৪২ বলে ৬৭ রানের ইনিংস দেখে মুগ্ধ রমিজ জানান, এর আগে বাংলাদেশের কাছ থেকে এমন দাপুটে ও আক্রমণাত্মক ব্যাটিং তিনি দেখেননি।

পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির এই হারকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশ খুব বুদ্ধিমত্তার সাথে পাকিস্তান দলকে ফাঁদে ফেলেছে। তার মতে, পাকিস্তান দল মিরপুরের স্পিন আশা করলেও বাংলাদেশ উপহার দিয়েছে গতির চ্যালেঞ্জ।আমির বলেন, ‘বাংলাদেশ স্মার্টলি খেলেছে। আমরা টার্নিং উইকেটের কথা ভাবছিলাম, কিন্তু ওরা বানিয়ে দিল গতির উইকেট। ঠিক যেন ‘আউট অব সিলেবাস’ প্রশ্ন চলে এসেছে।’

আমির আরও অভিযোগ করেন যে, পাকিস্তানের বর্তমান ব্যাটিং লাইনআপ ১৪০ কিমি গতির বল দেখলেই ‘লাফালাফি’ শুরু করে দেয় এবং তাদের অফ-স্টাম্পের টেকনিকে বড় ধরনের ঘাটতি রয়েছে। পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা এই হারকে পাকিস্তানের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন।

তিনি জানান, পাকিস্তান ক্রিকেটের সিস্টেমে আমূল পরিবর্তন না আনলে তারা আরও পিছিয়ে পড়বে। অন্যদিকে, মোহাম্মদ আমির শঙ্কা প্রকাশ করে বলেন, ভারসাম্যহীন দল নির্বাচনের কারণে পাকিস্তান শেষ পর্যন্ত ‘অ্যাসোসিয়েট’ দলের পর্যায়ে না পৌঁছে যায়। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের পরবর্তী দুটি ম্যাচ ১৩ ও ১৫ই মার্চ মিরপুরেই অনুষ্ঠিত হবে।