জানা নিউজ

মির্জা আব্বাসের শপথ স্থগিত চেয়ে ইসিতে পাটওয়ারীর আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ এনে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) তার পক্ষে নির্বাচন কমিশনে (ইসি) আবেদনটি জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। এর আগে শনিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করেন পাটওয়ারী।

আবেদনে তিনি ১২টি ভোটকেন্দ্রে সংঘটিত বিভিন্ন অনিয়মের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তার দাবি, এসব অনিয়মের মাধ্যমে প্রকৃত ফলাফল প্রভাবিত করা হয়েছে এবং তাকে বিজয়ী ঘোষণা না করে অন্য প্রার্থীকে জয়ী দেখানো হয়েছে।

ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ নির্বাচিত হন। পাটওয়ারীর অভিযোগ, আব্বাস ও তার পরিবারের সদস্যসহ দলীয় নেতা-কর্মী ও এজেন্টরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা এবং বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো অনিয়মে জড়িত ছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসার ও আসনের রিটার্নিং কর্মকর্তাও অনিয়মে জড়িয়ে পড়েন।

আবেদনে ঢাকা-৮ আসনের ভোট পুনঃগণনার দাবি জানান পাটওয়ারী। একই সঙ্গে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিজয়ী ঘোষিত প্রার্থীর শপথ গ্রহণ স্থগিত রাখার অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা আব্বাস ৫৭ হাজার ৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫১ হাজার ৩৯৬ ভোট।