জানা নিউজ

ফোন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তকে কেন্দ্র করে এ হুঁশিয়ারি আসে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। তাঁর দাবি, এই সিদ্ধান্ত আজ সন্ধ্যার মধ্যে পরিবর্তন না হলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং নির্বাচন সুরক্ষা ২০২৬ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বহন করতে পারবেন না। সাধারণ ভোটারদের পাশাপাশি এই নিষেধাজ্ঞা কার্যকর হবে অন্যদের ক্ষেত্রেও।

এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “ইলেকশন কমিশন যদি পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল, তার চেয়েও ভয়াবহ পরিণতি হবে।” তিনি আরও অভিযোগ করেন, কিছু বেসরকারি গণমাধ্যম নির্দিষ্ট দলের নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করলেও অন্যদের বিজ্ঞাপন নিচ্ছে না। তাঁর ভাষায়, “এমন আচরণ দেখে মনে হয়, কেউ তাদের বাধ্য করছে। আর যদি বাধ্য না করে থাকে, তাহলে ধরে নিতে হবে তারা নিজেরাই দালালি করছে।”

নির্বাচনের একেবারে শেষ সময়ে এসে এই সিদ্ধান্তকে ভোটারদের তথ্য অধিকার ও স্বচ্ছ নির্বাচনের পরিপন্থী বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ভোট কারচুপি বা ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। নাহিদ ইসলামের এই হুঁশিয়ারির পর বিষয়টি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।