২০২৬ সালের ‘ওয়ার্ল্ডস বেস্ট মিনিস্টার অ্যাওয়ার্ড’ বা বিশ্বের সেরা মন্ত্রীর পুরস্কার জিতেছেন পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী আবদোলি জোবে। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তার হাতে এই সম্মাননা তুলে দেন। সারা বিশ্বের ১০ জন প্রভাবশালী মন্ত্রীর মধ্য থেকে জোবেকে সেরা নির্বাচিত করা হয়। নতুন প্রযুক্তি ব্যবহার করে জনসেবা এবং পর্যটন খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় তিনি এই স্বীকৃতি পেয়েছেন। তার নেতৃত্বে গাম্বিয়া পর্যটন খাতে ব্যাপক উন্নতি করেছে। তিনি হোটেলের জন্য জমি বরাদ্দ সহজ করা এবং পর্যটনবান্ধব নানা নীতিমালা তৈরি করেছেন। পুরস্কার গ্রহণের পর আবদোলি জোবে বলেন, পর্যটন উন্নয়নে দুবাইয়ের অভিজ্ঞতা তাদের জন্য বড় অনুপ্রেরণা। এই পুরস্কারের ফলে গাম্বিয়া আন্তর্জাতিকভাবে আরো পরিচিতি পাবে এবং সেখানে পর্যটকের সংখ্যা বাড়বে বলে তিনি আশা করেন। সরকারি স্বচ্ছতা, উদ্ভাবন, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দেশের জনগণের কল্যাণে নেয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর ভিত্তি করে এ পুরস্কার দেওয়া হয়। সূত্র : গালফ নিউজ