জানা নিউজ

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেট আসছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু কাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সফরে আসছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেটে এটি তার প্রথম সফর। দলের চেয়ারম্যান হওয়ার পর এই প্রথম তিনি সিলেটে জনসভায় বক্তৃতা দেবেন। সফরকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং জনসভায় লাখো মানুষের সমাগম ঘটানোর প্রত্যাশা করছে দলটি। রাজনৈতিক বাস্তবতায় সিলেটের মানুষের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন এক পরিচিত ও প্রভাবশালী নাম। শ্বশুরালয়ের গণ্ডি ছাড়িয়ে সিলেটকে তিনি দীর্ঘদিন ধরেই বিএনপির গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘাঁটি হিসেবে বিবেচনা করছেন। দলীয় নেতাকর্মীদের মতে, এ সফর কোনো আনুষ্ঠানিক অতিথি হিসেবে নয়; বরং সিলেটকে কেন্দ্র করে দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করতেই তার এই আগমন।

এর আগে ২০০৪ সালে বিএনপির বিভাগীয় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে সিলেট জেলা স্টেডিয়ামে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে দলের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম তিনি শ্বশুরবাড়ি সিলেট সফরে আসছেন। স্বদেশ প্রত্যাবর্তনের সময় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করলেও তখন সিলেট সফরের কোনো কর্মসূচি ছিল না। এবারের সফরে সরাসরি সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। দলীয় সূত্র জানায়, এই সফরের মাধ্যমে সিলেটকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করা হবে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেট বিএনপিতে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। ২২ জানুয়ারি তার সফরকে স্মরণীয় করতে দলীয়ভাবে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সিলেট নগরীর প্রধান সড়কগুলোয় তোরণ নির্মাণ করা হয়েছে। সড়কের দুই পাশে ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে ভবন ও ছাদ। ‘লিডার আসছেন’, ‘আই হ্যাভ এ প্ল্যান’সহ বিভিন্ন স্লোগানে নগরজুড়ে প্রচার চালানো হচ্ছে।

ইতোমধ্যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। সিলেট নগরের আলিয়া মাদরাসা ময়দানে প্রস্তুত করা হয়েছে সমাবেশ মঞ্চ। কেন্দ্রীয় নেতাদের অগ্রবর্তী টিম সার্বিক প্রস্তুতি তদারকি করছেন। গতকাল মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে নগরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং সিলেট-১ আসনে দলটির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই গুরুত্বপূর্ণ সময়ে অতীতের মতো গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র বিনির্মাণের যে রূপরেখা প্রণয়ন করেছে, তিনি তা জনগণের সামনে তুলে ধরবেন। আসন্ন নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্তদাতা হবে জনগণই। তিনি বলেন, সিলেট নগরের আলিয়া মাদরাসা ময়দানে অতীতেও বিএনপির বিভাগীয় সমাবেশ হয়েছে। তিনি যেদিন ঢাকায় নেমেছেন, পুরো দেশ তাকে এক নজর দেখার জন্য উদগ্রীব হয়ে উঠেছিল। সিলেটের মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি সিলেটের জামাই। মানুষ যেভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, তারেক রহমান সেই পরিকল্পনাগুলোই সামনে এনেছেন। মতবিনিময় সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির সার্বিক প্রস্তুতি এবং ব্যাপক প্রচারণা কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন নেতৃবৃন্দ। তারা জানান, দলীয় চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তারেক রহমান শুধু আমাদের দলের চেয়ারম্যান নন, তিনি সিলেটের পরম আত্মীয়। সিলেটবাসী অতিথিপরায়ণ। সিলেট থেকেই তিনি সারাদেশের নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তার আগমন থেকে প্রস্থান পর্যন্ত জনসভাটি যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি। সিলেট–২ আসনের প্রার্থী তাহসিনা রুশদির লুনা বলেন, নারী সমাজসহ সর্বস্তরের মানুষ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশায় ঐক্যবদ্ধ। জনসভায় শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিলেট–৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমানের দেশে প্রথম সফর সিলেট জেলায়। তার ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন ভাবনা মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, বিএনপির ঐতিহ্যবাহী নির্বাচনী প্রচারণা সিলেট থেকেই শুরু হচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে জনসভা সফল করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সিলেট–৬ আসনের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান সিলেটে আসছেন। কোনো ত্রুটি হলে আত্মীয়ের মতো সহযোগিতা প্রত্যাশা করছি। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামিম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মঙ্গলবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির আলিয়া মাদরাসা ময়দানে সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আমরা আশাবাদী সিলেটে লাখো মানুষের সমাগম ঘটবে। মানুষের মধ্যে ব্যাপক আমেজ তৈরি হয়েছে। সিলেটের মানুষের সঙ্গে তারেক রহমানের আত্মিক সম্পর্ক রয়েছে। সারা বিভাগ থেকে লাখো মানুষ আসবে। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় হবে।

তিনি আরও বলেন, তারেক রহমান নিজেই বলেছেন সিলেটে তিনি গেস্ট হয়ে আসছেন না, তিনি হোস্ট।