মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজ সংলগ্ন সড়ক থেকে ট্রাকসহ লুট হওয়া ৪৬২টি খালি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়ার গকুলনগর এলাকার ডাকাতদলের সদস্য আতিকের বাড়ি থেকে বিপুল পরিমাণ গ্যাসের খালি সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা। বুধবার সকালে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহ উদ্দীন কাদের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে ৪৬২টি গ্যাসের খালি সিলিন্ডার নিয়ে ট্রাকে করে মোংলা যাওয়ার পথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের কাছে এলে ডাকাতদল তাদের গতিরোধ করে। এসময় ট্রাক থামাতে বাধ্য হলে চালক আসলাম খান ও সহকারী রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এরপর আহত চালক ও সহকারীকে জিম্মি করে ডাকাতরা নিজেদের ব্যবহৃত পিকআপ ভ্যানে তুলে নেয়। একই সঙ্গে সাত-আটজনের ডাকাতদল গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ দখলে নেয়।পরে তাদের পথে ফেলে পালিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় শিবচর থানায় ডাকাতি মামলা করলে অভিযানে নামে পুলিশ।পরে শিবচর থানা পুলিশের টিম তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন মাধ্যমে ডাকাতদের শনাক্ত করে ও অবস্থান নির্ণয় করে ঢাকার সাভার ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্য আশুলিয়ার গকুলনগর এলাকার আব্দুল জলিলের ছেলে আতিক পরিবারসহ পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আতিকের বাসার তালা ভেঙে ৪৬২টি খালি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। যার মধ্যে ৫০টি দ্বিখণ্ডিত করা অবস্থায় উদ্ধার করে জব্দ করা হয়। সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের বলেন, আমরা ডাকাতি হওয়া গ্যাসের সিলিন্ডারগুলো উদ্ধার করেছি। যার বাজার মূল্য আনুমানিক ১৩ লাখ টাকা। এ ঘটনায় ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।