দেশে এলো সেই ‘বুলেটপ্রুফ গাড়ি’, নিবন্ধন বিএনপির নামে
বাংলাদেশি মুদ্রায় গাড়িটির ভিত্তিমূল্য দাঁড়ায় ৪৫ লাখ ২৯ হাজার ১৭০ টাকা, ভ্যাট ও কর বাবদ দিতে হয়েছে ২ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৯৪২ টাকা।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার টয়োটা কোম্পানির তৈরি ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের হার্ড জিপ টাইপের গাড়িটির রেজিস্ট্রেশন দেওয়া হয়। নথি অনুযায়ী, সাদা রঙের সাত আসনের জিপটি সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। রেজিস্ট্রেশন ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় ২৮/১ নয়াপল্টন।
আমদানির বিল অব এন্ট্রির নথি অনুযায়ী, ২ হাজার ৮০০ সিসির এই জিপটির কেনা দাম দেখানো হয়েছে ৩৭ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ৪১ পয়সা দরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর শুল্কায়ন করেছে। সেই হিসাবে বাংলাদেশি মুদ্রায় গাড়িটির ভিত্তিমূল্য দাঁড়ায় ৪৫ লাখ ২৯ হাজার ১৭০ টাকা। তবে কাস্টমস কর্তৃপক্ষ গাড়িটির অ্যাসেসমেন্ট ভ্যালু ধরেছে ৪১ হাজার ডলার।
বিআরটিএ জানিয়েছে, রেজিস্ট্রেশনের দিনই পরীক্ষা-নিরীক্ষার পর ঢাকা মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার গাড়িটির ফিটনেস অনুমোদন দিয়েছেন, যার মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে এর ট্যাক্স টোকেন দেওয়া হয়েছে এক বছরের জন্য, যা আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে।