জানা নিউজ

লকডাউন আর বেহেশতের টিকিট দেওয়াদের সম্পর্ক আছে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা লকডাউন দেয় এবং যারা বেহেশতের টিকিট দিতে চায়- এদের ভেতরে ভেতরে একটি সম্পর্ক আছে। ১৯৮৬ ও ৯৬ সালেও এমন হয়েছিল। এরা ১৭২ দিন হরতাল-অবরোধ করে মানুষকে জিম্মি রেখে দেশের ক্ষতি করেছে, শান্তিতে থাকতে দেয়নি। এখন লকডাউনের নামে এআই দিয়ে মিছিল-মিটিং দেখায়। তাদের কিছু গুপ্ত কর্মী আছে। এই গুপ্ত রাজনীতির সঙ্গে মিলেমিশে আজ তারা বোমা হামলা করে, গাড়িতে আগুন দেয়।  শনিবার দুপুরে লক্ষ্ণীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। এ্যানি আরও বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। ঢাকায় তাদের কার্যালয়ের সামনে হাতেনাতে একজনকে গ্রেপ্তার করা হলে দেখা যায়, তিনি শিবির কর্মী। বিষয়টা কী? গভীর ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে- নির্বাচন যাতে না হতে পারে। তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, বন্ধ করতে চায়। কারণ তাদের কাছে পরিসংখ্যান আছে- নির্বাচন হলেই গণমানুষের দল বিএনপি আসবে, জিয়ার দল আসবে, খালেদা জিয়া আসবে, তারেক জিয়া আসবে, ধানের শীষ জিতবে, এ্যানি চৌধুরী আসবে। এটা তাদের ভালো লাগে না। তাই তারা গুপ্ত রাজনীতি করে, দেশের বাইরে বসে ষড়যন্ত্রমূলক রাজনীতি করছে, ব্যাপক ক্ষতি করার চেষ্টা করছে। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ওই ইসলামিক দলকে বলব- নতুনভাবে বাংলাদেশ গড়ার চিন্তা করুন। মানুষের সেন্টিমেন্টকে সম্মান করুন। সাধারণ মানুষের পাশে দাঁড়ান। গুপ্ত রাজনীতি করবেন না। স্বচ্ছ রাজনীতিতে আসুন। অপব্যাখ্যা ও অপপ্রচার করবেন না। আমরা হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। ২৮ অক্টোবর ও ১০ ডিসেম্বর কার ভূমিকা কী ছিল, মানুষ দেখেছে। আপনাদের অনেক সিনিয়র নেতা সাজাপ্রাপ্ত হয়েছেন, কেউ ফাঁসির মঞ্চেও ঝুলেছেন। এসব বিবেচনায় স্বচ্ছ রাজনীতিতে এসে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চায়, তাকে নির্বাচিত হতে দিন। শান্তিপূর্ণ নির্বাচন হবে। প্রত্যাশা অনুযায়ী যিনি নির্বাচিত হবেন, সরকার সেই উদ্যোগ নেবে, আমরা সহযোগিতা করব। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার শিমু ভূঁইয়া প্রমুখ।