জানা নিউজ

রক্তবীজ ২: আইটেম গানে ঝড় তুললেন নুসরাত জাহান

দুর্গাপূজার মৌসুমে টালিউডে আসছে একের পর এক নতুন ছবি। এর মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আসন্ন ছবি ‘রক্তবীজ ২’। মুক্তির আগেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সেই উত্তেজনায় আরও ঘি ঢেলেছেন নুসরাত জাহান তার নতুন আইটেম গানের মাধ্যমে। গত শুক্রবার সকালে মুক্তি পেয়েছে ছবির গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’। প্রকাশের পর থেকেই গানটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। গানে নুসরাতকে দেখা গেছে সবুজ পোশাকে, বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হতে। উজ্জ্বল সাজ, প্রাণবন্ত্ম নাচ এবং গানের কথার সঙ্গে তার দাপুটে উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। শুধু বিনোদন নয়, ছবির গল্পেও গানটির রয়েছে বিশেষ গুরম্নত্ব। সবচেয়ে বড় চমক, গানটির মাঝপথে অ্যাকশন লুকে হাজির হয়েছেন মিমি চক্রবর্তী। এর আগে ১৪ আগস্ট প্রকাশিত হয় ছবির টিজার, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। পূজার মৌসুমে আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ ২’। প্রথম পর্বের মতো এবারও অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। নতুনভাবে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা, কৌশানী মুখার্জি এবং সীমা বিশ্বাস।