জানা নিউজ

চূড়ান্ত হলো মেসির ভারত সফরের দিনক্ষণ

লিওনেল মেসি যে চলতি বছর ভারত আসছেন এটা গুঞ্জন ছিল আগে থেকেই। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সম্ভাবনা বৃদ্ধি পায়। আর এবার চূড়ান্ত হয়েছে আর্জেন্টাইন মহাতারকার ভারত সফরের দিনক্ষণ। ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ শিরোনামে আগামী ১২ ডিসেম্বর শুরু হবে মেসির এই সফর। এ যাত্রায় তিনি ভারতের চারটি শহর-কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লিতে ঘুরবেন। ভারতের সংবাদ সংস্থা পিটিআই কে (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) এই তথ্য নিশ্চিত করেছেন ইভেন্ট প্রমোটার শতদ্রু দত্ত। তিনি জানিয়েছেন, মেসি নিজেই আগামী ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। ২০১১ সালের পর এটি হবে মেসির প্রথম ভারত সফর। এই সফরের শুরুটা হবে কলকাতা থেকে। সেখানে ২ দিন ১ রাত অবস্থান করবেন তিনি। কলকাতায় ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন হবে। সেই সঙ্গে থাকবে বিশেষ খাবার এবং চায়ের পর্ব। কলকাতায় মেসির জন্য তৈরি হবে তার সবচেয়ে বড় মূর্তি। যা ২৫ ফুট উচ্চতা এবং ২০ ফুট প্রস্থের হবে বলে জানা গেছে। এছাড়া ইডেন গার্ডেন্স অথবা সল্ট লেক স্টেডিয়ামে ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’ আয়োজন করা হবে। এরপর ১৩ ডিসেম্বর মেসি আহমেদাবাদে গিয়ে আদানি ফাউন্ডেশনের আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন। ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে ব্রাবোর্ন সিসিআই স্টেডিয়ামে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন করবেন তিনি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘গোট কনসার্ট’ ও ‘গোট কাপ’ অনুষ্ঠিত হবে। একইদিনে মুম্বাই প্যাডেল গোট কাপের আয়োজন করা হবে। এখানে মেসি বিভিন্ন সেলিব্রিটির সঙ্গে ৫ থেকে ১০ মিনিট খেলবেন। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘গোট ক্যাপ্টেন’স মিটের কথা ভাবা হচ্ছে। এতে ভারতের তিন কিংবদন্তি ক্রিকেট অধিনায়ক- শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার সঙ্গে মেসির সাক্ষাৎ হতে পারে। এছাড়া বলিউড তারকা আমির খান, রনভির সিং এবং টাইগার শ্রফও সেখানে উপস্থিত থাকতে পারেন। মেসির ভারত সফর শেষ হবে ১৫ ডিসেম্বর। সেদিন নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মেসি। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে এই আয়োজনে ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় বিরাট কোহলি এবং শুভমান গিলকে আমন্ত্রণ জানানো হতে পারে।জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করলো লিভারপুল
চ্যাম্পিয়নদের মতোই ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে লিভারপুল। ২০২৫-২০২৬ মৌসুমের উদ্বোধনী ম্যাচে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করেছে আর্নে স্লটের দল। গত শুক্রবার রাতে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে মৌসুমের উদ্বোধনী রাতটি ছিল আবেগময়। কারণ, গত জুলাইয়ে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ভাইসহ মারা গিয়েছিলেন লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা। পর্তুগিজ ফরোয়ার্ডের মৃত্যুর পর এটি ছিল লিভারপুলের প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচ। খেলা শুরুর আগে জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভার স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেন খেলোয়াড় ও সমর্থকেরা। এরপর কণ্ঠ মিলিয়ে গেয়েছেন ‘ইউ নেভার ওয়াক অ্যালোন’। এ সময় চোখ ভিজে উঠেছিল অনেকেরই। নতুন মুখ হুগো একিতিকে তার লিগ অভিষেকেই ৩৭ মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে নেন। বিরতির পর ৪৯ মিনিটে কোডি গাকপো লিড দ্বিগুণ করেন। প্রথমার্ধে বর্ণবাদী আচরণের শিকার হন বোর্নমাউথের অ্যান্টনি সেমেনিও। যে কারণে খেলা কয়েক মিনিট বন্ধ থাকে। ঘানার এই ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধে লিভারপুল সমর্থকদের সেই আচরণের জবাব দেন জোড়া গোলের মাধ্যমে। ৬৪ মিনিটে প্রথম গোল করেন এবং এর ১২ মিনিট পর দ্বিতীয় গোল করে লিভারপুল সমর্থকদের হতভম্ব করে দেন তিনি। ২-২ সমতা আনলেও লিভারপুলের শেষের নাটকীয়তায় শেষ পর্যন্ত হারতেই হয় বোর্নমাউথকে। লিভারপুল শেষদিকে ৬ মিনিটের ব্যবধানে দুটি গোল করে ফের ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। লিভারপুলের বদলি খেলোয়াড় কিয়েসা ৮৮ মিনিটে গোল করে সমর্থকদের আনন্দে ভরিয়ে দেন। বোর্নমাউথের গোলরক্ষক জর্জি পেত্রোভিচ মোহাম্মদ সালাহর শট ফিরিয়ে দিলে ফিরতি শটে গোল করেন কিয়েসা। এতে লিভারপুল এগিয়ে যায় ৩-২ ব্যবধানে। পরে যোগ করা সময়ে সালাহ নিজেও গোল করেন। মিশরীয় ফরোয়ার্ডের এই গোল তাকে প্রিমিয়ার লিগ ইতিহাসে অ্যান্ডি কোলের সঙ্গে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে, ১৮৭ গোল নিয়ে। গোল করার পর আবেগে সালাহ আকাশের দিকে ইশারা করেন এবং হাত নেড়ে জোতার বিখ্যাত ‘শার্ক’ সেলিব্রেশন অনুকরণ করেন। খেলা শেষে তিনি গ্যালারির দিকে যান, চোখের পানি মুছে সমর্থকদের করতালিতে সাড়া দেন। সমর্থকেরা তখন জোতাকে নিয়ে গান গাইতে থাকেন।