ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় বান্দরবানে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তনয়া ম্রো (২৬) নামে একজন নিহত হয়েছেন। এ সময় নারী-শিশুসহ আহত হয়েছে কমপক্ষে আরও ২৩ জন যাত্রী। গতকাল শুক্রবার সকাল ১০টায় আলীকদম উপজেলার কলার ঝিরি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে ২৪ জন যাত্রী নিয়ে চাঁদের গাড়িটি থানচি থেকে আলীকদম যাচ্ছিল। পথে কলার ঝিরি নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন ২৩ যাত্রী। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় এক জন নিহত ও ২৩ জন আহত হয়েছে।