দীর্ঘদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্ট করেই আলোচনায় ফিরলেন অভিনেত্রী পরীমনি। মাত্র ৩০ সেকেন্ডের সেই ভিডিওটি প্রকাশের ১৯ ঘণ্টার মধ্যেই প্রায় ১৫ লাখ ভিউ ছুঁয়েছে। সঙ্গে ৪১ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ৭ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে, যা নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে এই তারকাকে। গত শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। ভিডিওতে তাকে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা যায়। পোস্টের পরপরই সেটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এর আগে ২০২৪ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছিলেন পরীমনি। তবে এরপর থেকে তাকে নিয়মিত নতুন কাজে দেখা যায়নি। ব্যক্তিগত জীবন নিয়েও খুব বেশি আলোচনায় ছিলেন না তিনি। সেই নিরবতা ভেঙেই এই ভিডিওতে আবারও সামনে এলেন। ভিডিওটি ঘিরে ভক্তদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকেই তার উপস্থিতি ও লুকের প্রশংসা করেছেন। এক ভক্ত লিখেছেন, “বাংলার লেডি সুপারস্টার।” কেউ আবার আগুনের ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে সমালোচনাও এসেছে। পোশাক নিয়ে কটাক্ষ করলে একজন মন্তব্যকারীকে সরাসরি জবাব দেন পরীমনি, যা আরও আলোচনার জন্ম দেয়। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, দীর্ঘ বিরতির পর সামাজিক মাধ্যমে এমন উপস্থিতি অনেক সময় শিল্পীদের জন্য নতুন করে দর্শকের আগ্রহ তৈরি করে। পরীমনির ক্ষেত্রেও সেই প্রভাব দেখা যাচ্ছে। অল্প সময়েই ভিডিওটির বিপুল ভিউ ও প্রতিক্রিয়া তার জনপ্রিয়তার ইঙ্গিত দিচ্ছে। পরীমনিকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। সম্প্রতি তিনি লীসা গাজীর পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার বিপরীতে থাকবেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’।