জানা নিউজ

২ গোলের ধাক্কা সামলে বড় ব্যবধানে জিতল ইন্টার

লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দারুণভাবে এগিয়ে যাচ্ছে ইন্টার মিলান। টানা অপরাজেয় যাত্রাপথে এবার অবনমন অঞ্চলের দল পিসার বিপক্ষে শুরুতে দুই গোল হজম করলেও, ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে ইন্টার।
সান সিরোয় শুক্রবার রাতে সেরি আর ম্যাচে ১১ ও ২৩তম মিনিটে দুবার ইন্টারের জালে বল জড়ায়। সেই ধাক্কা প্রথমার্ধেই দুর্দান্তভাবে সামলে নেয় তারা; পিয়ত্র জেলিনস্কির সফল স্পট কিকের পর, লাউতারো মার্তিনেসের গোলে সমতায় ফেরে দলটি।
পিও এস্পোসিতোর গোলে বিরতির আগে এগিয়েও যায় ইন্টার। এরপর নির্ধারিত সময়ের শেষ ১০ মিনিটে ফেদেরিকো দিমার্কো ও বোনির গোলে ব্যবধান আরও বাড়ায় তারা। আর যোগ করা সময়ে হেনরিখ মিখিতারিয়ানের লক্ষ্যভেদে ৬-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সবশেষ ২০২৩-২৪ আসরের চ্যাম্পিয়নরা।
ম্যাচের পর ইতালিয়ান ডিফেন্ডার দিমার্কো শুরুতে দলের পারফরম্যান্স নিয়ে হতাশার কথা বলেন, তবে একই সঙ্গে কঠিন চ্যালেঞ্জ সামলে ঘুরে দাঁড়াতে পেরে দারুণ খুশিও তিনি।
“ম্যাচ জয়ের তীব্র আকাঙ্ক্ষা ছিল। আমরা ভালোভাবে শুরু করতে পারিনি; কিন্তু (পিছিয়ে পড়ার পর) প্রথমার্ধেই একটি গোল করা জরুরি ছিল এবং আমরা সেখানে তিনটি গোল করি।”
“এত বেশি ম্যাচ খেলতে হওয়ায় এমন কিছু ঘটতে পারে, ঘুরে দাঁড়াতে পারাটাই আসল।”
২২ ম্যাচে ১৭ জয় ও ১ ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে আছে ইন্টার মিলান। একটি করে ম্যাচ কম খেলা এসি মিলান ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ও নাপোলি ৪৩ পয়েন্ট নিয়ে তিনে আছে।