জানা নিউজ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনির চুক্তি নবায়নের আলোচনা অনেকটাই এগিয়েছে। নতুন চুক্তির প্রাথমিক মেয়াদ হতে পারে দুই বছর। পাশাপাশি থাকবে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ। সবকিছু পরিকল্পনামতো এগোলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী এই কোচকে। আর্জেন্টিনার ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। আগামী নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতির সময় চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা চূড়ান্ত হতে পারে। ওই বিরতিতে বুয়েনস এইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ে এবং কোর্দোবায় কোস্টারিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে দুই বছরের জন্য দায়িত্বে থাকবেন স্কালোনি। এরপর ২০২৮ সালের কোপা আমেরিকার পর চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সুযোগ থাকবে। এই শর্ত কার্যকর হলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারবেন তিনি। স্কালোনির অধীনে গত কয়েক বছরে অভাবনীয় সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং একই বছরের কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছে দলটি। ২০২৬ বিশ্বকাপেও রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে বর্তমান কোচিং স্টাফকে একসঙ্গে রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমটি। তবে সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তাকে দায়িত্ব চালিয়ে যেতে রাজি করানোর চেষ্টা চলছে। স্কালোনির কাছে স্যামুয়েল বন্ধু ও গুরুত্বপূর্ণ সহযোগী। তার সিদ্ধান্তকে সম্মান জানানোর কথা বললেও তিনি দায়িত্ব ছেড়ে দিলে সেটি দলের জন্য বড় ক্ষতি হবে বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর হোর্হে সাম্পাওলি দায়িত্ব ছাড়লে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নেন স্কালোনি। এরপর তার অধীনেই সাফল্যের নতুন অধ্যায় শুরু করে দলটি। নতুন চুক্তি কার্যকর হলে ২০২৮ সালের কোপা আমেরিকার পর আর্জেন্টিনার কোচ হিসেবে তার মেয়াদ এক দশকে পৌঁছাবে। তবে চুক্তি নবায়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।