২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই সময়সূচি ঘোষণা করেন। ঘোষিত রুটিন অনুযায়ী আগামী ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা চলবে।
শিক্ষামন্ত্রী জানান, একই সঙ্গে ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, “এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারিতে, আর এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই।” ফল প্রকাশের সময় কমিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার সময়সূচি প্রাথমিকভাবে নির্ধারণ করা হলেও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা চূড়ান্ত না হওয়ায় প্রয়োজনে রুটিনে পরিবর্তন আসতে পারে। পাশাপাশি প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সব পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
তত্ত্বীয় পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষাগুলো ১১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংগীতসহ বিভিন্ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন
বাংলা প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, ০৭ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার
বাংলা দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র, ০৯ জানুয়ারি ২০২৭, শনিবার
ইংরেজি প্রথম পত্র, ১১ জানুয়ারি ২০২৭, সোমবার
ইংরেজি দ্বিতীয় পত্র, ১৩ জানুয়ারি ২০২৭, বুধবার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১৪ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার
গণিত, ১৬ জানুয়ারি ২০২৭, শনিবার
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১৮ জানুয়ারি ২০২৭, সোমবার
পদার্থবিজ্ঞান তত্ত্বীয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, ২১ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার
ভূগোল ও পরিবেশ, ২৩ জানুয়ারি ২০২৭, শনিবার
ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়সমূহ, ২৫ জানুয়ারি ২০২৭, সোমবার
গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, ২৭ জানুয়ারি ২০২৭, বুধবার
হিসাববিজ্ঞান, ৩০ জানুয়ারি ২০২৭, শনিবার
রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ৩১ জানুয়ারি ২০২৭, রোববার
জীববিজ্ঞান, অর্থনীতি, ০৩ ফেব্রুয়ারি ২০২৭, বুধবার
উচ্চতর গণিত, বিজ্ঞান, ০৬ ফেব্রুয়ারি ২০২৭, শনিবার
শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র ব্যবহারে কঠোর নিয়ম মানতে হবে। ব্যবহারিক উত্তরপত্র কোনোভাবেই তত্ত্বীয় পরীক্ষায় ব্যবহার করা যাবে না। একই সঙ্গে সকল পরীক্ষার্থীকে নিয়ম শৃঙ্খলা মেনে পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় পর আগে থেকেই সম্ভাব্য রুটিন প্রকাশ করায় শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য বাড়তি সময় পাচ্ছে। তবে চূড়ান্ত সময়সূচি ঘোষণার আগে সংশোধনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।