জানা নিউজ

১৫ বছরেই বিশ্ব রেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সেই পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। গতকাল শনিবার ইন্দোরে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহারের অধিনায়ক হিসেবে মাঠে নেমে এই কীর্তি গড়েন তিনি। ভেঙে দিয়েছেন ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের রেকর্ড।
সৌরাষ্ট্রের বিপক্ষে বিহারের প্রথম ম্যাচে টস করতে নেমেই রেকর্ডের পাতায় নাম লেখান সূর্যবংশী। এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সী অধিনায়ক ছিলেন ভুকুসিচ। গত বছরের আগস্টে জাগরেবে সাইপ্রাসের বিপক্ষে ১৭ বছর ৩১১ দিন বয়সে ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দিয়ে রেকর্ডটি গড়েছিলেন তিনি। এবার তাঁর চেয়ে প্রায় দুই বছর কম বয়সেই সেই কীর্তি ছাড়িয়ে গেলেন ভারতের এই বাঁহাতি ব্যাটসম্যান।
সূর্যবংশীর ক্যারিয়ারে এটি নতুন মাইলফলক। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের মাত্র পাঁচ মাসের মাথায় অধিনায়কত্বের এই রেকর্ড গড়লেন তিনি। এর আগে ২০২৬ সালের শুরুতে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই তরুণ।
তবে রেকর্ড গড়ার দিন ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি সূর্যবংশী। সৌরাষ্ট্রের বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন তিনি। ১২ বলে করেন ১৮ রান।
তাঁর দল বিহারের অবস্থাও ভালো ছিল না। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে দলটি। জবাবে ২১ বল হাতে রেখেই পাঁচ উইকেটের জয় তুলে নেয় সৌরাষ্ট্র।
চলতি রঞ্জি ট্রফির প্রথম পর্বে টানা চার হারের পর বিহার দলে সূর্যবংশীর অন্তর্ভুক্তিকে বাড়তি অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছিল। তাঁর নেতৃত্ব ও উপস্থিতিতে দলটি ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করলেও সৌরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পাওয়া হয়নি।
সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের হয়ে আর মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন সূর্যবংশী। এরপর ভারতের ‘এ’ দলের সঙ্গে যোগ দিতে দোহায় যাবেন তিনি। সেখানে ১৯ নভেম্বর থেকে শুরু হবে ৫০ ওভারের এসিসি রাইজিং স্টারস ইমার্জিং টুর্নামেন্ট।
ভারতের হয়ে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে খেলেছেন সূর্যবংশী। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। এর মধ্যে অভিষেক শর্মার সঙ্গে মাত্র ৭.১ ওভারে ১৩৩ রানের উদ্বোধনী জুটি গড়েন। ওই জুটিতে সূর্যবংশীর অবদান ছিল ১৯ বলে ৪৫ রান। সিরিজটি ভারত জেতে ৩-২ ব্যবধানে।
সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি ছিল বিহারের হয়ে সূর্যবংশীর অষ্টম টি-টোয়েন্টি। সব মিলিয়ে এটি তাঁর ৪৪তম ম্যাচ। এর মধ্যে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন ২৩টি ম্যাচ।
ব্যাট হাতে আগেও নজর কেড়েছেন এই তরুণ। গত বছরের নভেম্বরে এসিসি রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির তালিকায় সেটি যৌথভাবে তৃতীয়।
অল্প বয়সেই ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ার পর এবার অধিনায়ক হিসেবেও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী।