মীরসরাই উপজেলার জোরারগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, আনোয়ারা বেগম (৪৮) ও তাঁর ছেলে মোতাহার হোসেন (১৯)। তাঁরা কক্সবাজারের উখিয়ার কুতুপালং পুরোনো নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, কয়েকজন মাদক কারবারি বারইয়ারহাট বাজার এলাকায় গাঁজাসহ কক্সবাজার যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে আটটার দিকে অভিযান চালায়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক নারী ও এক যুবক দুটি কাঁধব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে তিনটি বান্ডিলে মোড়ানো ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ফেনী ও চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীর কাছে বেশি দামে বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।