জানা নিউজ

১২ মার্চের মধ্যে শ্রমিকদের বোনাস পরিশোধের নির্দেশ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শ্রমিকদের বকেয়া বেতন সাত কর্মদিবসের মধ্যে এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার। শিল্পখাতে স্থিতিশীলতা বজায় রাখা ও শ্রমিক অসন্তোষ এড়াতে মালিকপক্ষকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার, ৩ মার্চ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ৯৪তম সভা এবং তৈরি পোশাক খাত বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৩তম সভায় এই নির্দেশনা দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তিনি নিজেই।

সভা শেষে মন্ত্রণালয় জানায়, দেশের সার্বিক শ্রম পরিস্থিতি, তৈরি পোশাক খাতে শ্রম অসন্তোষ নিরসন এবং ঈদ উপলক্ষে বেতন ভাতা ও ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মন্ত্রী স্পষ্টভাবে বলেন, “শ্রমিকদের বকেয়া বেতন সাত কর্মদিবসের মধ্যে এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষকে সমন্বয় করে কাজ করতে হবে, যেন জনভোগান্তি সৃষ্টি না হয়।”

তিনি আরও বলেন, কোনো প্রতিষ্ঠানে অযৌক্তিকভাবে লে অফ বা ছাঁটাই করা যাবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির প্রজ্ঞাপনের পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী মালিক ও শ্রমিক পক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে ঈদের ছুটি নির্ধারণ করবেন।

শ্রম প্রতিমন্ত্রী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “দেশ ও বিশ্বের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে কোনোভাবেই শ্রমিক অসন্তোষ তৈরি হতে দেওয়া যাবে না। বেতন ভাতা সময়মতো পরিশোধ নিশ্চিত করতে হবে।”

সভায় শ্রমিক প্রতিনিধিরা ঈদুল ফিতর উপলক্ষে বকেয়া বেতন ভাতা দ্রুত পরিশোধের পাশাপাশি মার্চ মাসের অর্ধেক বেতন আগাম দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীত করার দাবিও উত্থাপন করা হয়।

সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের ফজলে শামীম এহসান এবং পরিষদের সহ সভাপতি মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ঈদকে সামনে রেখে শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধের এই নির্দেশনা শিল্পাঞ্চলে স্বস্তি ফিরিয়ে আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।