জানা নিউজ

হাতিরঝিলে গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা, মা-শিশুকে বাঁচালো আনসার

রাজধানীর হাতিরঝিলে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দিয়ে ১১ মাসের শিশুসহ আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। তবে আনসার সদস্যদের দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপে প্রাণে রক্ষা পান মা ও শিশু। গতকাল বৃহস্পতিবার আনসার বাহিনী জানায়, গত বুধবার বিকেলে হাতিরঝিলের রাজউক প্রকল্প এলাকায় টহলরত আনসার সদস্য জাহিদুল ও রেদওয়ান দেখতে পান, এক নারী কোলে ১১ মাসের শিশুকে নিয়ে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন। এ সময় তারা দ্রুত ছুটে গিয়ে ওই নারীকে বাধা দেন। তবে ওই নারী বারবার ‘বাঁচতে চান না’ বলে চিৎকার করতে থাকেন এবং রাস্তা থেকে সরে যেতে অস্বীকৃতি জানান। পরে ঘটনাস্থলে টহলরত র‌্যাব-৩ সদস্যদের সহায়তায় তাকে শান্ত করে নিরাপদ স্থানে নেওয়া হয়। এরপর হাতিরঝিল থানার ডিউটি কর্মকর্তার উপস্থিতিতে আনসার সদস্যরা ওই নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তার স্বামী শরিফুল ইসলাম। শরিফুল ইসলাম জানান, তার স্ত্রী হরমোনজনিত সমস্যায় ভুগছেন এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন। চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল তারা। এ সময় মালিবাগে এক আত্মীয়ের বাসা থেকে শিশুকে নিয়ে বের হয়ে যায় তার স্ত্রী। পরে আনসার সদস্যরা মা ও শিশুকে অক্ষত অবস্থায় তার স্বামীর কাছে হস্তান্তর করেন। স্ত্রী ও শিশুর জীবন রক্ষায় আনসার সদস্যদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকার জন্য শরিফুল ইসলাম বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।