জানা নিউজ

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত গড়ে তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল আজ শুক্রবার নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে দুপুরে প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের বললেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ রুপে একটি দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে। মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার মানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ রুপে পূরণ হবে।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, “যারা আমাদের ভোট দিয়েছে তাদের ওপর যেমন দায় রয়েছে, যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমানভাবে দায় রয়েছে। সব প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সব বিদ্বেষ ভুলে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের সব পক্ষের মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলব।”

‘একটা মেডিকেল কলেজ নরসিংদীতে করার চিন্তা আছে, আপনারা দোয়া করবেন। বাংলাদেশে আরও যেখানে যেখানে দরকার হবে সবখানে করা হবে। নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতালসহ যেগুলো চালু হয়নি সেগুলো যেন দ্রুত চালু হয় এজন্য আমরা কাজ করব এবং নরসিংদীতে ২টি আইসিইউ ইউনিট আনার জন্য আমি ইচ্ছাপোষণ করেছি’-উল্লেখ করেন তিনি।

এ সময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।