জানা নিউজ

সোমালি জলদস্যুদের হাতে ইরানি ট্রলার ও ২৩ ক্রু জিম্মি

সোমালিয়ার উত্তর-পূর্ব উপকূলে জলদস্যুদের কবলে পড়েছে ইরানের একটি মাছ ধরার ট্রলার। ‘আজিনি’ নামের ওই ট্রলারে থাকা ২১ জন ইরানি ক্রু ও দুই সোমালি নিরাপত্তারক্ষীসহ মোট ২৩ জনকে জিম্মি করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ভারত মহাসাগরীয় সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্রের (এমএসসিআইও) তথ্য অনুযায়ী, গত রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে সশস্ত্র জলদস্যুরা ট্রলারটিতে হামলা চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নেয়। সোমালিয়ার বন্দরনগরী বান্দার বেইলা থেকে প্রায় ১৮৫ নটিক্যাল মাইল পূর্বে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, ১২ জন জলদস্যু ট্রলারটিসহ ক্রুদের জিম্মি করেছে। জিম্মিদের শারীরিক অবস্থা বা নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী, ‘আজিনি’ ট্রলারটির গঠনশৈলী এমন যে, এটি জলদস্যুদের ব্যবহৃত ‘মাদার শিপ’ হিসেবে কাজে লাগতে পারে। সাধারণত জলদস্যুরা এ ধরনের ছোট ও মাঝারির আকারের জাহাজ ছিনতাই করে সেগুলোকে ভ্রাম্যমাণ ঘাঁটি হিসেবে ব্যবহার করে। এর ফলে তারা উপকূল থেকে অনেক দূরে, অর্থাৎ সাধারণ স্পিডবোটের নাগালের বাইরে থাকা বাণিজ্যিক জাহাজেও হামলা চালাতে পারে। এমএসসিআইও জানিয়েছে, ছিনতাইয়ের পর ট্রলারটি আরো প্রায় ১১০ নটিক্যাল মাইল পূর্ব দিকে সরে গেছে এবং অত্যন্ত ব্যস্ত একটি আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের কাছাকাছি অবস্থান করছে। ট্রলারটিকে ব্যবহার করে জলদস্যুরা ওই অঞ্চলে নতুন করে বড় ধরনের কোনো জাহাজ ছিনতাইয়ের তৎপরতা চালাতে পারে বলে আশঙ্কা করছে এমসিসিআইও। চলতি বছরের এপ্রিল থেকে সোমালি জলদস্যুদের তৎপরতা আবার বেড়েছে। এপি জানিয়েছে, এ সময় থেকে গ্রীষ্মকাল পর্যন্ত জলদস্যুরা অন্তত ছয়টি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে, যার মধ্যে কিছু ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। গত সেপ্টেম্বরে ‘অনার ২৫’ নামের একটি ছিনতাই হওয়া তেলবাহী ট্যাংকার উদ্ধারে পুন্টল্যান্ডের নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ১৬ জন সন্দেভাজন জলদস্যুকে গ্রেপ্তার করে। তবে অভিযানের আগে গোলাগুলির ঘটনায় পাঁচজন জিম্মি প্রাণ হারান। সর্বশেষ এই ইরানি ট্রলার ছিনতাইয়ের ঘটনা জিম্মি নাবিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এদিকে, ঘটনাটি তদন্ত করছে ইউরোপীয় ইউনিয়নের নৌ অভিযান ‘অপারেশন আটলান্টা’। ওই অঞ্চলের সব বাণিজ্যিক জাহাজকে অতিরিক্ত সতর্ক থাকার ও যেকোনো প্রয়োজনে সন্দেহজনক তৎপরতা দেখলে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যসূত্র: ওয়ানা নিউজ