জানা নিউজ

সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

জিম্বাবুয়ে সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া এই সফরের ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের তিনটি ওয়ানডে হবে হারারে স্পোর্টস ক্লাবে, এরপর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শেষ করবে দুই দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৪, ২৭ ও ৩০ সেপ্টেম্বর। তিন ম্যাচের পর দুই দল যাবে তাকাশিঙ্গা ক্রিকেট ক্লাবে। সেখানে ৩, ৫ ও ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি ওয়েস্ট ইন্ডিজ নারী দলকে স্বাগত জানিয়ে বলেছেন, সিরিজটি রোমাঞ্চকর হওয়ার প্রত্যাশা করছেন তারা। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ জিম্বাবুয়ের নারী ক্রিকেটারদের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। মাকোনির ভাষায়, “উচ্চমানের আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলার সুযোগ জিম্বাবুয়ের নারী ক্রিকেটের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের মতো একটি দলের বিপক্ষে খেলা আমাদের খেলোয়াড়দের নিজেদের দক্ষতা যাচাই, শেখার পাশাপাশি আরও প্রতিযোগিতামূলক হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস অর্জনের সুযোগ দেবে।” বর্তমানে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে জিম্বাবুয়ে। চার ম্যাচ শেষে সিরিজে তারা ০-৪ ব্যবধানে পিছিয়ে আছে। ১৯ সেপ্টেম্বর বুলাওয়েতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য থাকবে স্বাগতিকদের। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হওয়ার পরই জিম্বাবুয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জন্য জিম্বাবুয়ে সফরটি হবে উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (ডব্লিউসিপিএল) পর প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। এবারের ডব্লিউসিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সেপ্টেম্বরের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হওয়া সফরটি অক্টোবরের ৭ তারিখে টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে। সূত্র: ক্রিকইনফো