একদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ, অন্যদিকে অটল ছিলেন হৃদয়। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও নিজের স্বাভাবিক ব্যাটিং চালিয়ে গেছেন তিনি। ১৭১ বলে ১০০ রান করে প্রথম সেশনেই টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটার।
লাঞ্চ বিরতিতে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে তুলেছিল ২০৫ রান। এরপর বিরতি থেকে ফিরেই ব্যাটিংয়ের গতি বাড়ান হৃদয়। পৌঁছে যান দেড়শ রানে। অন্য প্রান্তে তাইজুল ইসলামও যোগ্য সঙ্গ দিচ্ছেন।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। ফলে হৃদয়ের দেড়শ রানের ইনিংসটি শুধু ব্যক্তিগত মাইলফলকই নয়, দলের রানসংখ্যা বাড়ানোর পাশাপাশি ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাও জাগাচ্ছে। সিরিজের প্রথম টেস্টে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য এই ইনিংস এখন বিশেষ গুরুত্বপূর্ণ।