ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা আন্দোলন ও কর্মবিরতির পর সাভার-আশুলিয়ার পোশাকশিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে অধিকাংশ কারখানার শ্রমিক কাজে যোগ দিয়েছেন। তবে শ্রম আইনের ১৩(১) ধারায় ২১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং তিনটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলছে।
বৃহস্পতিবার সকাল থেকেই সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের স্বাভাবিকভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা বা বাধার খবর পাওয়া যায়নি। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে।
শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে সকাল থেকে শ্রমিকদের দল বেঁধে কর্মস্থলে যেতে দেখা যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জানান, সকাল থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের কোথাও এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি জানান, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে ২১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া স্ট্যান্ডার্ড গ্রুপের কাজিপুর ফ্যাশন লিমিটেড কারখানায় বৃহস্পতিবার সকালে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে ম্যাংগো টেক্স, গ্রিন লাইফ নিট কম্পোজিট লিমিটেড ও মারমা কম্পোজিট কারখানার শ্রমিকরা হাজিরা কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশ করলেও উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এসব কারখানার শ্রমিকদের একাংশ এখনও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন।
শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিকদের কর্মবিরতির কারণে কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হলেও অধিকাংশ কারখানায় কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি শুরু হয়। আন্দোলনের পরিপ্রেক্ষিতে মালিকপক্ষ ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানায়। তবে এ সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট না হওয়ায় কয়েকটি কারখানার শ্রমিকরা এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।