জানা নিউজ

সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু, তদন্ত কমিটি গঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের চার বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

 

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সচল হয়।

এর আগে সকাল ৯টায় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন গফরগাঁও স্টেশনে প্রবেশের আগে ট্রেনের চার বগি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ-রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান ট্রেন চলাচল সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনটির ইঞ্জিনের পরের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধার করার পরে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, কী কারণে ট্রেনের চার বগি লাইনচ্যুত হয়েছে তা জানতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, এ ঘটনায় হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।