জানা নিউজ

সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ফারহানের

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত ধাপ বাকি। এরই মাঝে টি-টোয়েন্টির সাপ্তাহিক হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। যেখানে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট (৮৪৮) পেয়ে ব্যাটারদের তালিকায় দুইয়ে উঠেছেন বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক শাহিবজাদা ফারহান। তবে মাঝে অফফর্মে থাকলেও শীর্ষস্থান ধরে রেখেছেন অভিষেক শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এবারের আসরে দুটি সেঞ্চুরি করেছেন পাকিস্তানি ওপেনার ফারহান। তার দল সেমিফাইনালের আগে ছিটকে গেলেও, ব্যাটারদের তালিকায় তিনি রাজত্ব করছেন। ৬ ম্যাচে দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে ৭৬.৬০ গড় এবং ১৬০.২৫ স্ট্রাইকরেটে ৩৮৩ রান করেন ফারহান। যা টি-টোয়েন্টির এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডও। যার সুবাদে এক ধাপ এগিয়ে তিনি এখন টি-টোয়েন্টির দ্বিতীয় সেরা ব্যাটার। বিপরীতে বিশ্বকাপে দারুণ ফর্মে থাকা অভিষেক এবারের আসরে তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। যে কারণে সেমিতে উঠা ভারতীয় এই ওপেনার এখন পর্যন্ত ৬ ম্যাচে করেছেন ৮০ রান। টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখা অভিষেকের রেটিং পয়েন্ট ৮৭৪। এ ছাড়া শীর্ষ ১০-এর ভেতর প্রায় অবস্থানেই পরিবর্তন এসেছে। ইংল্যান্ডের ফিল সল্ট এক ধাপ নেমে তৃতীয়, ভারতের ইশান কিষাণ এক ধাপ উন্নতির পর চতুর্থ, শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা এক ধাপ অবনতির পর পঞ্চম হয়েছেন। এ ছাড়া এক ধাপ উঠে তিলক ভার্মা ষষ্ঠ, এক ধাপ নেমে সূর্যকুমার যাদব সপ্তম, এক ধাপ উঠে ডেওয়াল্ড ব্রেভিস অষ্টম, বিশ্বকাপে দারুণ অফফর্মে থাকা জস বাটলার এক ধাপ নেমে নবম এবং যথারীতি ১০ নম্বরে আছেন টিম সেইফার্ট। ৬ ধাপ উন্নতির পর ১১ নম্বরে উঠেছেন জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট। র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সঞ্জু স্যামসন (২৫ ধাপ এগিয়ে ৪০তম), কামিল মিশারা (১০ ধাপ এগিয়ে ৪২তম), সিকান্দার রাজা (১৬ ধাপ এগিয়ে ৪৩তম), হার্দিক পান্ডিয়া (৮ ধাপ এগিয়ে ৫০), ফখর জামান (১৭ ধাপ এগিয়ে ৭১তম), কামিন্দু মেন্ডিস (৯ ধাপ এগিয়ে ৭৪), রোস্টন চেজ (১০ ধাপ এগিয়ে ৭৭) ও পভন রত্ননায়েক (২০ ধাপ এগিয়ে ৯৩)। এ ছাড়া বিশ্বকাপে পারফরম্যান্সের ভিত্তিতে এইডেন মার্করাম (১৬তম), ফিন অ্যালেন (২৭), জ্যাকব বেথেল (৩৩) ও টম ব্যান্টনরা কয়েক ধাপ করে এগিয়েছেন। বিশ্বকাপে না খেলায় বাংলাদেশের অধিকাংশ ব্যাটারই র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন। টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ দুইয়ে আছেন বরুণ চক্রবর্তী ও রশিদ খান। দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন আবরার আহমেদ। এ ছাড়া বড় লাফ দিয়েছেন আর্শদীপ সিং (৬ ধাপ এগিয়ে ১৩), লিয়াম ডসন (৯ ধাপ এগিয়ে ১৪), লুঙ্গি এনগিডি (৬ ধাপ এগিয়ে ২০), ম্যাট হেনরি (১১ ধাপ এগিয়ে ৩০), দুনিথ ভেল্লালাগে (৫ ধাপ এগিয়ে ৩৩), সিকান্দার রাজা (৮ ধাপ এগিয়ে ৩৪), কাগিসো রাবাদা (১৪ ধাপ এগিয়ে ৫৩) এবং কেনা মাফাখা (৩৫ ধাপ এগিয়ে ৬৩)।