জানা নিউজ

সম্পাদকীয় 

মূল্যস্ফীতি কমলেও কমছে না মানুষের ভোগান্তি

বাজারে গিয়ে প্রয়োজনীয় পণ্য কিনতে এখন আগের চেয়ে অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। চাল, ডাল, তেল, চিনি, ডিম, মাছ, মাংস কিংবা সবজিÑকোনো পণ্যের দাম কিছুটা কমলেও অন্যটির দাম বেড়ে যাচ্ছে। ফলে সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সীমিত ও নির্দিষ্ট আয়ের মানুষ। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্য নিত্যপণ্যের বাড়তি দাম বড় ধরনের চাপ সৃষ্টি করছে। মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও তার সুফল পাচ্ছেনা সাধারণ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৯১ শতাংশে। আগের দুই মাসে এই হার ৯ শতাংশের বেশি ছিল। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ। অন্যদিকে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৯১ শতাংশ। অর্থাৎ পণ্য ও সেবার দাম যে হারে বাড়ছে, মানুষের আয় সেই অনুপাতে বাড়ছে না। মূল্যস্ফীতির প্রভাব শুধু বাজার থেকে পণ্য কেনার খরচেই সীমাবদ্ধ থাকছে তা নয়, বাড়িভাড়া, পরিবহণ, চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন অন্যান্য ব্যয় মেটাতেও মানুষকে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। ফলে অনেক পরিবার খাবারের তালিকা ছোট করছে, প্রয়োজনীয় কেনাকাটা কমিয়ে দিচ্ছে কিংবা সঞ্চয় ভেঙে সংসার চালাচ্ছে। কারও কারও ক্ষেত্রে ধারদেনা করাও নিয়মিত অভ্যাসে পরিণত হচ্ছে। বাজারে পণ্যের দাম বাড়ার পেছনে উৎপাদন ও পরিবহণ ব্যয়, সরবরাহের ঘাটতি, আমদানিনির্ভরতা এবং বাজারের মধ্যস্বত্বভোগীরা সরাসরি প্রভাব ফেলছে। কোথাও কোথাও যোগসাজশ করে দাম বাড়ানোর অভিযোগও উঠছে। এসব ক্ষেত্রে শুধু বাজারে অভিযান চালিয়ে জরিমানা করলেই স্থায়ী সমাধান হবে না। উৎপাদন থেকে খুচরা বিক্রি পর্যন্ত সরবরাহব্যবস্থার প্রতিটি ধাপে নজরদারি বাড়াতে হবে। পর্যাপ্ত পণ্য মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে হবে। বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে নিত্যপণ্য সরবরাহের ব্যবস্থা আরও কার্যকর করা প্রয়োজন। টিসিবির পণ্য বিতরণে প্রকৃত সুবিধাভোগীদের অগ্রাধিকার দিতে হবে। সর্বোপরি কৃষক যেন ন্যায্য দাম পান, আবার ভোক্তাকেও অতিরিক্ত দামে পণ্য কিনতে না হয়Ñএমন বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে। মূল্যস্ফীতির হার কমে আসা অবশ্যই ইতিবাচক। কিন্তু সাধারণ মানুষের আয় ও ব্যয়ের ব্যবধান না কমলে সেই অর্জন কখনই অর্থবহ হবে না।