বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো (বিআইএমওএক্স) ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের বন্দরগুলোর আধুনিকায়ন ও সম্প্রসারণের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরের কার্যক্ষমতা বাড়াতে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে। এছাড়া মাতারবাড়িতে আন্তর্জাতিক মানের গভীর সমুদ্রবন্দর (ডিপ সি পোর্ট) নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, যা ২০৩০ সালের মধ্যে পুরোপুরি কার্যকর হবে। পাশাপাশি পায়রা সমুদ্রবন্দরের কার্যক্রমও জোরদার করা হচ্ছে।
বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, বে টার্মিনাল প্রকল্পে বিশ্বের শীর্ষ পাঁচটি কন্টেইনার টার্মিনাল অপারেটর কোম্পানির মধ্যে তিনটিকে বাংলাদেশে আনতে সক্ষম হয়েছি আমরা। ডেনমার্কের এপি মোলার-মার্স্ক লালদিয়া টার্মিনাল নির্মাণে কাজ করছে। সিঙ্গাপুরের পিএসএ এবং ডিপি ওয়ার্ল্ডের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে।
তিনি আরও জানান, সমুদ্র খাতের সার্বিক উন্নয়ন ও সম্ভাবনা বাস্তবায়নের এই প্রতিশ্রুতি আমাদের নির্বাচনী ইশতেহারেও স্পষ্ট করা হয়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ ভবিষ্যতে ব্লু-ইকোনমি বা সমুদ্র অর্থনীতিতে আরও এক ধাপ এগিয়ে যাব।
১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আইসিসিবিতে আয়োজিত এই প্রদর্শনীতে জাহাজ নির্মাণ, শিপ রিসাইক্লিং, অফশোর অয়েল অ্যান্ড গ্যাস, লজিস্টিকস এবং প্রসেস অটোমেশনের বিভিন্ন আধুনিক প্রযুক্তি তুলে ধরা হচ্ছে।