সাধারণ ছুটির দিন হলেও শনিবার (১৭ অক্টোবর) সরকারি অফিস খোলা রয়েছে। অফিসে যথারীতি সব কার্যক্রম চলছে।
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সব মন্ত্রণালয়ে স্বাভাবিক কার্যক্রম চলছে।শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেওয়া টানা পাঁচ দিনের ছুটি সমন্বয় করতে আজ শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা রাখা হয়েছে।
এজন্য শনিবার ১৭ অক্টোবরের সাপ্তাহিক সাধারণ ছুটি বাতিল করা হয়েছে।এদিন সব সরকারি অফিস, ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতও খোলা রয়েছে।
এ বিষয়ে গত ৭ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শনিবার সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে স্বাভাবিক কার্যক্রমের দৃশ্য দেখা যায়।
খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, সচিবালয়ের ২৪ তলার কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন। মন্ত্রণালয় ও দপ্তরের স্বাভাবিক কার্যক্রম যথারীতি অব্যাহত রয়েছে। তবে এদিন সাধারণ দর্শনার্থী খুব একটা দেখা যায়নি।এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছুটি থাকবে। আগামী ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।