সব প্রস্তুতি ও প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে আবারও স্থগিত হলো কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকার কনসার্ট। আগামীকাল শনিবার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ আয়োজনের কথা থাকলেও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি আপাতত স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন।
গত বুধবার রাতে আয়োজকদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি, প্রশাসনিক অনুমোদন ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন করা হয়েছিল। তবে সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘অনিবার্য কারণ’ দেখিয়ে অনুষ্ঠানটি আয়োজন না করার সিদ্ধান্ত জানানো হয়।
আয়োজকরা জানান, আকস্মিক এই সিদ্ধান্তে হাজারো সংগীতপ্রেমী, টিকিটধারী দর্শক, শিল্পী, স্পন্সর, অংশীদার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা হতাশ হয়েছেন। তবে রাষ্ট্রের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে তারা অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
কনসার্ট স্থগিত হওয়ায় টিকিট কেনা দর্শকদের অর্থ ফেরতের বিষয়টিও জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। সব টিকিটধারীকে অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের কেনা টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে। রিফান্ডের বিস্তারিত প্রক্রিয়া ২ আগস্ট রোববারের মধ্যে জানানো হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে কনসার্ট স্থগিতের নির্দিষ্ট কারণ কী, সে বিষয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আয়োজকদের বিজ্ঞপ্তিতেও শুধু ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে মন্ত্রণালয়ের নির্দেশনার কথা বলা হয়েছে।
এ নিয়ে অনুপম রায়ের ঢাকার কনসার্ট দ্বিতীয়বারের মতো স্থগিত হলো। এর আগে চলতি বছরের ২৬ জুন ঢাকায় তার এই একক কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে সেটিও স্থগিত করা হয়। পরে নতুন তারিখ হিসেবে ১ আগস্ট নির্ধারণ করে আবার আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল।
দ্বিতীয়বারের মতো আয়োজন স্থগিত হওয়ায় এবারও হতাশ হয়েছেন অনুপম রায়ের ভক্ত ও টিকিটধারীরা। একই সঙ্গে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত শিল্পী, স্পন্সর, অংশীদার প্রতিষ্ঠান ও আয়োজকদের ওপরও এর প্রভাব পড়েছে।
আয়োজকদের বিজ্ঞপ্তিতে কনসার্ট স্থগিতের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে। তবে ক্ষতির পরিমাণ জানানো হয়নি।
এ মুহূর্তে কনসার্টটির নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি। ফলে অনুপম রায়ের ঢাকায় একক পরিবেশনা কবে হবে, সেটি এখনো অনিশ্চিত।
Next Post