ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করছে সরকার। আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, শেখ হাসিনার আবেদন করার অধিকার আছে কি না, তা খতিয়ে দেখছে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে তিনিও খবর পেয়েছেন। তবে বিষয়টির সত্যতা এখনও যাচাই করতে পারেননি।
সালাহউদ্দিন আহমদ বলেন, আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি কী এবং আবেদন করার অধিকার তাঁর আছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন, এনআইডি আইনসহ সংশ্লিষ্ট বিধিবিধান বিবেচনায় নেওয়া হবে। সব দিক খতিয়ে দেখে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দণ্ডিত আসামি অন্য দেশে আশ্রয় নিলে তাঁকে ফেরত আনার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে চিঠি দেওয়া হয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রেও ভারতকে আইন অনুযায়ী তাঁকে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন করার খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের বিষয়টি উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। আবেদনে তাঁর বাংলাদেশি নাগরিকত্ব এবং বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির আওতায় থাকা বাধ্যবাধকতার কথা তুলে ধরা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এবারই প্রথম সামনে এল। এর আগে তিনি ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।
২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় এ রায় দেওয়া হয়। তবে ভারতে অবস্থান করে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে। এ বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা বাংলাদেশের আবেদন পর্যালোচনা করছে। তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যর্পণের সিদ্ধান্ত কেবল রাজনৈতিক বা কূটনৈতিক বিবেচনায় নেওয়া হবে না। বাংলাদেশের করা অভিযোগ ভারতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কি না, তা আদালতের প্রক্রিয়ায় যাচাই করা হতে পারে।
শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বলেছেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। তাঁর ভাষায়, বাংলাদেশ পাসপোর্ট দিয়ে কাউকে ফেরানোর বদলে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।
এদিকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পতিত শক্তি অস্থিরতা সৃষ্টির উদ্দেশে মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। পুলিশ আইন অনুযায়ী এসব ঘটনায় ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিহত করছে।