জানা নিউজ

শুভেন্দু অধিকারীকে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগে যুবক গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার রেনেসাঁ হাউজিং থেকে হামিম মণ্ডল নামে ২৩ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তদন্তকারী সংস্থার দাবি, গ্রেপ্তার হামিম নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য।

একই সঙ্গে তার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলা করে হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) তাকে বর্ধমান আদালতে তোলা হলে আদালত ১৪ দিনের পুলিশ হেফাজতের (কাস্টডি) নির্দেশ দেন।

এসটিএফ সূত্রে জানা গেছে, হামিমের বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকায়। কর্মসূত্রে তিনি দীর্ঘদিন হাওড়া জেলার পিলখানার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

কয়েক মাস আগে সেই কাজ ছেড়ে বর্ধমানে ফিরে এসে রেনেসাঁ হাউজিংয়ের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তিনি। বৃহস্পতিবার (৩০ জুলাই) রেনেসাঁ হাউজিংয়ের একটি জিমে শরীরচর্চার সময় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসটিএফের একটি দল।
তদন্তকারীদের দাবি, হামিম পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিলেন। এছাড়া আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করছে তদন্তকারী সংস্থা।

এসটিএফের আরও দাবি, বর্ধমানে বসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার পরিকল্পনা করছিলেন হামিম। মুখ্যমন্ত্রীর সফরসূচি, যাতায়াতের পথ, অবস্থান এবং গাড়ি কোথায় পার্ক করা হবে-এ ধরনের একাধিক স্পর্শকাতর তথ্য তার কাছে ছিল। কীভাবে তিনি এসব তথ্য সংগ্রহ করেছিলেন এবং কার নির্দেশে কাজ করছিলেন, তা জানতে তদন্ত জোরদার করা হয়েছে।