বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ‘বাজিগর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। ১৯৯৩ সালের ১২ নভেম্বর মুক্তি পায় আলোচিত এই হিন্দি সিনেমা। এর প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেন-শাহরুখ খান, শিল্পা শেঠি ও কাজল। সময় অনেক গড়িয়েছে, শিল্পা শেঠি তার ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। যশ-খ্যাতির পাশাপাশি অর্থ-বিত্তের মালিকও হয়েছেন। পঞ্চাশের শিল্পা এখনো শারীরিকভাবে ফিট। তার এসব প্রাপ্তিতে কঠোর পরিশ্রম করতে হয়েছে। টমরোকে দেওয়া সাক্ষাৎকারে এসব নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা অভিনেত্রী। এ আলাপচারিতায় শিল্পা শেঠি তার কঠোর পরিশ্রমের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে ‘বাজিগর’ সিনেমার প্রসঙ্গ টেনে আনেন। এ অভিনেত্রী জানান, সিনেমাটির শুটিং সেটে তার পিঠ পুড়ে গিয়েছিল। শিল্পা শেঠি বলেন, “আমার মনে আছে, একটি শটে এইচএমআই লাইটে আমার পিঠ পুড়ে গিয়েছিল। শটটি ছিল-আমাকে ফ্রেম থেকে বের হতে হবে, আর পেছনে একটি বেবি লাইট ছিল, সেখানে আমার পিঠ লেগে যায়। পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপারটি ততটা বোঝা যায়নি; কিছুক্ষণ পর যখন জ্বালা শুরু হয়, তখন বুঝতে পারি।” পিঠ পুড়ে যাওয়ার পরের দিনও শুটিংয়ে অংশ নেন শিল্পা। তার ভাষায়-“এ ঘটনার পরের দিনও আমি শুটিংয়ে যাই। সেদিন আমার একটি পোশাক পরতে হতো। কিন্তু পোড়া থাকার কারণে তা ঠিকভাবে পরতে পারছিলাম না। তাই পোশাকটি সামনের দিক দিয়ে পরে পেছনটা সুতো দিয়ে সেলাই করে দিতে বলি। যাতে জিপ দিতে না হয়। আমি জীবনে এতটাই কঠোর পরিশ্রম করেছি, যেন আমার কারণে অন্য কারো ক্ষতি না হয়।” ‘বাজিগর’ সিনেমা মুক্তির আগে পরিচালক জুটি আব্বাস-মাস্তানের সময়টা ভালো যাচ্ছিল না, তবে এই সিনেমা আগের ফ্লপের ধাক্কা পুষিয়ে দেয়। সিনেমাটি তৈরি হয় হলিউড সিনেমা ‘আ কিস বিফোর ডায়িং’-এর প্রেরণায়। নায়িকা চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন শ্রীদেবী। তাদের ভাবনা ছিল শ্রীদেবীকে দিয়ে দ্বৈত চরিত্রে অভিনয় করাবেন। পরে সিদ্ধান্ত বদলে নেওয়া হয় দুই নায়িকা কাজল ও শিল্পা শেঠিকে। সেই সময়ে শাহরুখ খান, কাজল ও শিল্পা শেঠি- তিনজনই ছিলেন নতুন মুখ। নতুন মুখ নিয়ে ‘বাজিগর’ নির্মাণ করায় একটা ঝুঁকি ছিল নির্মাতাদের। কিন্তু মুক্তির পর ব্লকবাস্টার হয়। ৪ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ৩২ কোটি রুপির বেশি। বলে রাখা ভালো, শিল্পা শেঠিকে সর্বশেষ দেখা গেছে রোহিত শেঠি পরিচালিত ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজে। এতে তার সহ-অভিনেতা ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয় প্রমুখ। শিল্পার পরবর্তী সিনেমা ‘কেডি’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন-সঞ্জয় দত্ত, যীশু সেনগুপ্ত, রা. রবিচন্দ্রন, রমেশ অরবিন্দ প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।