জানা নিউজ

শীতে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার দুটি ঘরোয়া সিরাম

শীত এলেই ত্বকের নানা সমস্যা দেখা দিতে শুরু করে। কখনোই ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, কখনও আবার হারিয়ে যায় স্বাভাবিক জেল্লা। ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার কারণে ত্বকের আর্দ্রতা কমে গিয়ে মুখ হয়ে ওঠে রুক্ষ ও নিষ্প্রাণ। তাই শীতের দিনে ত্বকের বাড়তি যত্ন নেওয়া জরুরি। অনেকেই এই সময়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সিরাম ব্যবহার করেন। তবে বাজার থেকে দামি সিরাম না কিনে ঘরোয়া কিছু উপাদান দিয়েও ত্বকের যত্ন নেওয়া যায়। রইল বাড়িতে তৈরি করার মতো দুটি সহজ সিরামের ধারণা।

শুষ্ক ও নিস্তেজ ত্বকের জন্য তেলভিত্তিক সিরাম
শীতের দিনে যাদের ত্বক খুব শুষ্ক হয়ে যায়, তাদের জন্য তেলভিত্তিক সিরাম উপকারী হতে পারে। রোজহিপ অয়েল ও জোজোবা অয়েল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এই দুই তেল অল্প পরিমাণে মিশিয়ে তৈরি করতে পারেন সহজ একটি ময়েশ্চারাইজিং অয়েল। একটি পরিষ্কার ছোট বোতলে এক চা চামচ জোজোবা অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা রোজহিপ অয়েল, ল্যাভেন্ডার এবং ভিটামিন ই ক্যাপসুল এক সঙ্গে মিশিয়ে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ ভালো করে পরিষ্কার করে ব্যবহার পারেন এই সিরাম। ত্বকের বয়সজনিত সমস্যাগুলো নিরাময় করতে সাহায্য করবে। এছাড়া ছোট একটি কাচের পাত্রে ১ টেবিল চামচ গ্রেপসিড অয়েল, ১ টেবিল চামচ জোজোবা অয়েল, ৪ ফোঁটা লেমন অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ মেখে রাখুন সারা রাত। ত্বকের দাগ, কালচে ছোপ দূর করতে কার্যকরী এই মিশ্রণ।

তৈলাক্ত ত্বকের জন্য হালকা যত্ন
অনেকের ধারণা, তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার বা সিরামের প্রয়োজন নেই। কিন্তু এই ধারণা ঠিক নয়। তৈলাক্ত ত্বকেও আর্দ্রতা প্রয়োজন। তৈলাক্ত ত্বকে ব্রণ বেশি হয়। ফলে এ ধরনের ত্বকেও বাড়তি যত্ন প্রয়োজন। তৈলাক্ত ত্বক ভালো রাখতে সিরাম খুব প্রয়োজনীয়। তবে তৈলাক্ত ত্বক খুব স্পর্শকাতর হয়। বাজারচলতি প্রসাধনী ব্যবহারে হিতে বিপরীত হতে পারে। তার চেয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সিরাম। অ্যাপল সিডার ভিনিগার, টি ট্রি অয়েল এবং মধু এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে বানিয়ে নিন সিরাম। ত্বকে নিয়মিত ব্যবহার করলে ব্রণ কম হবে। ত্বক শুষ্ক হয়ে গেলে অস্বস্তি ও টানটান ভাব দেখা দিতে পারে। তাই তৈলাক্ত ত্বকের জন্য হালকা, সুগন্ধিবিহীন এবং নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার বেছে নেওয়া ভালো।

কয়েকটি বিষয়ে সতর্ক থাকুন
ঘরে তৈরি সিরাম মানেই তা সব সময় নিরাপদ-এমন নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলো মুখে ব্যবহার না করাই ভালো। নতুন কোনো উপাদান ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন। ঘরে তৈরি মিশ্রণ দীর্ঘদিন জমিয়ে না রেখে অল্প পরিমাণে তৈরি করাই ভালো। ত্বকের সমস্যা গুরুতর হলে বা ব্রণ, চুলকানি ও র‌্যাশ দীর্ঘস্থায়ী হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

শীতের দিনে ত্বক ভালো রাখতে শুধু সিরাম নয়, নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার, পর্যাপ্ত পানি পান এবং দিনের বেলায় সানস্ক্রিন লাগানোও জরুরি। ত্বকের ধরন বুঝে সঠিক উপাদান বেছে নিলেই শীতেও ত্বক থাকবে সতেজ ও কোমল।