সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। প্রথম দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। এই সিরিজটা শুধুমাত্র একটা সিরিজ নয় বরং এটিকে আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও নিচ্ছে বাংলাদেশ। দীর্ঘ সাত বছর পর ফের কোনো ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে খেলেতে চলেছে বাংলাদেশ। শেষবার ২০১৯ সালে আয়ারল্যান্ডে ট্রফি উঁচিয়ে ধরেছিলো টাইগাররা। জাতীয় দলের কোনো টুর্নামেন্টে সেটিই ছিলো প্রথম শিরোপা জয় এবং এখন পর্যন্ত ওই একবারই। মাশরাফির নেতৃত্বে ডাব্লিনে সেবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনাল জিতেছিলো টাইগাররা। এবার ভেন্যু বদলালেও লক্ষ্যটা একই- শিরোপা জয়। আবুধাবির তীব্র গরম ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনে বাড়তি ঘাম ঝরাচ্ছেন লিটন-তাসকিনরা। পেস ও স্পিনের দারুণ ভারসাম্যে বোলিং আক্রমণ শক্তিশালী হলেও, টাইগারদের সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে ব্যাটিংয়ে। আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে আজ প্রথম ম্যাচের পর আগামী বুধবার শারজাহতে আফগানিস্তানের কোয়লিটি স্পিনারদের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের সেরা দুই দল খেলবে ফাইনাল। আগামী শুক্রবার ফাইনালে জিতে আরও এক শিরোপার দিকেই চোখ ফিল সিমন্সের শিষ্যদের।